প্যারিস হামলার পর প্রথম আঞ্চলিক নির্বাচনে ফ্রান্স
ফ্রান্সে আঞ্চলিক নির্বাচনে ভোট গ্রহণ চলছে। গত ১৩ নভেম্বর রাজধানী প্যারিসে জঙ্গি হামলার পর দেশ জুড়ে জারি করা জরুরি অবস্থার মধ্যেই এ নির্বাচন হচ্ছে।
ভয়াবহ ওই জঙ্গি হামলার পর সরকারের অবস্থান কি তা জানার জন্য এ নির্বাচনকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।
স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, বুথ ফেরত জরিপে কট্টর-ডান দল ন্যাশনাল ফন (এফএন) ভোটে অনেকটাই এগিয়ে আছে।
রোববার প্রথম পর্বের ভোট গ্রহণ চলছে। ১৩ ডিসেম্বর চূড়ান্ত পর্বের ভোট অনুষ্ঠিত হবে। এফএন নীতিগত দিক দিয়ে অভিবাসন বিরোধী ও ইইউ বিরোধী।
নির্বাচনের আগের মতামত জরিপে দেখা গেছে, ১৩ নভেম্বর প্যারিসে সন্ত্রাসী হামলার পর দলটির জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে।এফএন জয়লাভ করলে প্রথমবারের মতো ফ্রান্সের কোনো অঞ্চলের ক্ষমতায় বসবে দলটি।
এফএন নেতা মাহিও লু পেন উত্তরের নহ্-পা-দু-ক্যালে-পিকাদি অঞ্চলে জয়লাভ করবেন বলে ধারণা করা হচ্ছে। এফএন’র পক্ষ থেকে আশা করা হচ্ছে, আঞ্চলিক নির্বাচনে মাহিও লু পেনের বড় জয় ২০১৭ সালে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতার সম্ভবনাকে আরও বাড়িয়ে দেবে।
তার ভাইঝি মাহিও মাহিচাল-লু পেন দক্ষিণের আল্প-কোত দাজ্যুর অঞ্চলের শক্ত প্রতিদ্বন্দ্বী বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
মতামত জরিপগুলোতে দেখা গেছে, ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির মধ্য-ডানপন্থি দল লেহ রেপুব্লিকাইন (এলআর) এবং এফএন ৩০ শতাংশ করে ভোট পেতে পারে।
প্যারিস হামলার পরপরই প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া অলন্দের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জনগণের কাছে তার গ্রহণযোগ্যতা বাড়িয়েছে।
কিন্তু তার দল সোশ্যালিস্ট পার্টির জনপ্রিয়তায় এটা খুব একটা প্রভাব ফেলছে না। মতামত জরিপে দলটির ২২ শতাংশ ভোট পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
