‘সিরিয়ার জন্য’ লন্ডনে ছুরি হামলা
পূর্ব লন্ডনের মেট্রো স্টেশনে এক ব্যক্তির ছুরিকাঘাতে একজন গুরুতর আহত ও অপর দুজন সামান্য আহত হয়েছেন।
শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার পর কেন্দ্রীয় লন্ডন থেকে ১০ কিলোমিটার দূরে লেইটনস্টোন পাতাল রেল স্টেশনে ঘটনাটি ঘটে।
হামলা চালানোর সময় হামলাকারী ‘এটি সিরিয়ার জন্য’ বলে চিৎকার করে বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে।
ঘটনার পরপরই পুলিশ এসে হামলাকারীকে আটক করে। হামলাটিকে ‘সন্ত্রাসী ঘটনা’ হিসেবে বর্ণনা করেছে লন্ডন পুলিশ।
ট্যুইটারে পোস্ট করার ফুটেজে স্টেশনের টিকেট কাউন্টারের সমানে জমাট বাধা রক্ত ও সন্দেহভাজন হামলাকারীকে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করতে দেখা গেছে।
প্রাথমিক তদন্ত প্রতিবেদনের বরাতে পুলিশ জানায়, হামলাকারী আশপাশে দাঁড়িয়ে থাকা লোকজনকেও হুমকি দিয়েছে।
একজনের আঘাত গুরুতর হলেও তা জীবন-সংশয়ের কারণ হবে না বলে ধারণা করছে পুলিশ। অপর দুজনের আঘাত তেমন গুরুতর নয়।
লন্ডন মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাস বিরোধী কমান্ড প্রধান রিচার্ড ওয়ালটন বলেন, “এটিকে সন্ত্রাসী ঘটনা হিসেবে বিবেচনা করছি আমরা।”
প্রত্যক্ষদর্শীদের বরাতে দ্য গার্ডিয়ান জানায়, সিরিয়ায় ইসলামিক জঙ্গিদের বিরুদ্ধে পশ্চিমা হামলার প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন হামলাকারী।
তবে প্রকাশিত প্রতিবেদনগুলোর এসব তথ্যের বিষয়ে পুলিশ কোনো মন্তব্য করেনি এবং তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে তথ্যটি যাচাই করাও সম্ভব হয়নি।
