প্যারিস হামলা: নতুন দুই সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ
প্যারিস হামলার পলাতক সন্দেহভাজন সালাহ আব্দেস্লামকে সহায়তা করার অভিযোগে নতুন দুই সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ।
বেলজিয়ামের সরকারি আইনজীবীদের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতির বরাতে শনিবার এ কথা জানায় বিবিসি।
বিবৃতিতে দুই সন্দেহভাজনকে ‘সশস্ত্র ও বিপজ্জনক’ এবং তারা সেপ্টেম্বরে আব্দেস্লামকে হাঙ্গেরি ভ্রমণে সহায়তা করেছিলেন বলে সন্দেহ করা হচ্ছে বলে জানানো হয়েছে।
তদন্তকারীরা বলছেন, প্যারিস হামলার রাতে আব্দেস্লাম সম্ভবত আত্মঘাতী বোমাহামলাকারীদের স্তাদে দ্য ফ্রাঁস স্টেডিয়ামে গাড়ি চালিয়ে নিয়ে গিয়েছিলেন।
১৩ নভেম্বর সন্ধ্যারাতে চালানো ওই হামলায় ১৩০ জন নিহত ও ৩৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছিলেন।
বেলজীয় পুলিশ জানিয়েছে, সেপ্টেম্বরে হাঙ্গেরি-অস্ট্রিয়া সীমান্তে আব্দেস্লামকে থামানো হয়েছিল, তখন তার সঙ্গে সুফিয়ান কায়াল এবং সামির বউজিদ নামের ভুয়া পরিচয়পত্রধারী দুজন সঙ্গী ছিলেন।
বিবৃতিতে বলা হয়, “কেন্দ্রীয় সরকারি আইনকর্মকর্তাদের দপ্তর ও তদন্তকারীরা হন্যে হয়ে খুঁজছে এমন দুই নতুন সন্দেহভাজনের খোঁজ করতে জনতার প্রতি আবেদন জানাচ্ছে।”
প্যারিস হামলায় আব্দেস্লামের প্রকৃত ভূমিকা পরিষ্কার হয়নি। তিনি একটি আত্মঘাতী হামলা চালাতে গিয়েও পরে তা না করার সিদ্ধান্ত নেয় বলে ধারণা করা হচ্ছে।
অপর সন্দেহভাজন ২৯ বছর বয়সী মোহাম্মদ আবরিনির বিরুদ্ধেও আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বেলজিয়াম। এই আবরিনির চালানো গাড়িতে করেই বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে প্যারিস গিয়েছিলেন আব্দেস্লাম।
প্যারিস হামলার পর নভেম্বরে সুফিয়ান কায়ালের নামে ভাড়া নেওয়া একটি বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল।
অপরদিকে প্যারিস হামলার চারদিন পর হামলা চক্রের প্রধান আব্দেলহামিদ আবাউদের জ্ঞাতি বোন হাসনা আয়িতবউলাচেনের কাছে অর্থ পাঠানোর ক্ষেত্রে সামির বাউজিদের পরিচয়পত্র ব্যবহার করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
তবে প্যারিসের সঁ দেনি এলাকার একটি ফ্ল্যাটে চালানো অভিযানে আবাউদ ও হাসনা তৃতীয় আরেকজনসহ নিহত হন। নিহত তৃতীয় ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে শুক্রবার সকালে প্যারিসে হামলার শিকার স্থাপনাগুলোর মধ্যে প্র্রথমবারের মতো একটি ক্যাফে আবার চালু করা হয়েছে।
