২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

 ‘রুশ টার্গেটে হামলা চালাতে থাইল্যান্ডে ঢুকেছে আইএস’ 

থাইল্যান্ডে রাশিয়ানদের ওপর ইসলামিক স্টেটের (আইএস) হামলার হুমকি নিয়ে সতর্কবার্তা দিয়েছে মস্কো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2015, 09:26 PM

Updated : 25 Apr 2022, 02:14 PM

থাই পুলিশ জানিয়েছে, রাশিয়ার স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন টার্গেটসহ অন্যান্যদের ওপর হামলার উদ্দেশ্যে আইএস এর সঙ্গে জড়িত ১০ সিরীয় অক্টোবরে থাইল্যান্ডে প্রবেশ করেছে বলে মস্কো সতর্ক করেছে।

রাশিয়ার গোয়েন্দা সংস্থা থাইল্যান্ডকে এ তথ্য দিয়েছে বলে জানানো হয়েছে থাই পুলিশের ফাঁস হওয়া একটি মোমোতে। ‘জরুরি’ চিহ্নিত এই মেমোটি ২৭ নভেম্বরের। থাইল্যান্ডের বিশেষ শাখার কমান্ডারের কাছ থেকে এটি পাঠানো হয় পুলিশ ইউনিটগুলোতে।

এতেই ১৫ থেকে ৩১ অক্টোবরের মধ্যে আইএস চরদের থাইল্যান্ডে প্রবেশের তথ্য থাই পুলিশকে দেয় রাশিয়ার রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা ‘এফএসবি’।

মোমোতে বলা হয়, আইএস চররা থাইল্যান্ডের বিভিন্ন জায়গায় গেছে। ৪ জন গেছে পাত্তায়া’য়, দুইজন গেছে পুকেট, দুইজন ব্যাংককে আর বাকী দুইজন কোথায় গেছে তা জানা যায়নি। তাদের হামলার লক্ষ্য রাশিয়ার নাগরিকরাসহ থাই-রাশিয়া এসোসিয়েশনগুলো।

তবে থাই পুলিশ বলছে, তারা দেশে এই সিরীয়দের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হতে পারেনি। 

মেমোতে সম্ভাব্য রুশ টার্গেটগুলোতে নিরাপত্তা জোরদারের আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

পাত্তায়া এবং পুকেট দুটোই রাশিয়ান পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয় অবকাশযাপন কেন্দ্র। বড়দিন এবং নববর্ষের সময় এ জায়গাগুলোতে ভিড় করে রাশিয়ানরা।

গত সেপ্টেম্বরের শেষদিকে সিরিয়ায় আইএস এর বিরুদ্ধে বিমান হামলা শুরুর পর থেকেই জঙ্গি গোষ্ঠীটির হামলার লক্ষ্য হয়ে উঠেছে রাশিয়া।

অক্টোবরে মিশরের সিনাই উপদ্বীপে রাশিয়ার ২২৪ জন যাত্রীবাহী একটি বিমান ভূপাতিত করার দায় স্বীকার করে আইএস সংশ্লিষ্ট জঙ্গিরা।