২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যালিফোর্নিয়ায় নিহতদের নাম প্রকাশ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি প্রতিবন্ধী সেবাকেন্দ্রে দুই বন্দুকধারীর গুলিতে নিহত ১৪জনের তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Dec 2015, 10:50 AM

Updated : 25 Apr 2022, 02:14 PM

বুধবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে স্যান বার্নার্ডিনো শহরের ইনল্যান্ড রিজিওনাল সেন্টারে এই হামলা চালানো হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্ততপক্ষে ১৭ জন।

বৃহস্পতিবার স্যান বার্নার্ডিনো কাউন্টির কর্তপক্ষের তরফ থেকে প্রকাশিত তালিকা অনুযায়ী নিহতদের বয়স ২৬ থেকে ৬০ বছরের মধ্যে।

স্যান বার্নার্ডিনোর আশপাশের বাসিন্দা ছিলেন তারা সবাই। বয়স এবং তাদের আবাসস্থলের নামসহ তালিকাটি প্রকাশ করা হয়।

নিহত হতভাগ্য ১৪ জন হলেন-

লস এঞ্জেলেস থেকে আসা ৪৫ বছর বয়সী শ্যানন জনসন,

রিয়ালটোর ৪৬ বছর বয়সী বেনেত্তা বেট বাদাল,

সান জ্যাসিনটোর ২৬ বছর বয়সী অরোরা গোডয়,

ফন্টানার ৬০ বছর বয়সী আইজাক আমানিওস,

রিয়ালটোর ৪২ বয়সী ল্যারি কাফম্যান,

আপল্যান্ডের ৪৬ বছর বয়সী হ্যারি বোম্যান,

ফন্টানার ২৭ বছর বয়সী ভেত্তে ভেলাসকো,

মরেনো ভ্যালির ২৭ বছর বয়সী সিয়েরা ক্লেবর্ন,

য়ুকাইপার ৪০ বছর বয়সী রবার্ট অ্যাডামস,

কল্টনের ৫২ বছর বয়সী নিকোলাস তাহলাসিনোস,

সান্তা আনার ৩১ বছর বয়সী টিন নগুয়েন,

হাইল্যান্ডের ৫০ বছর বয়সী হুয়ান এসপিনোজা,

রিভারসাইডের ৫৮ বছর বয়সী ডেমিয়ান মিয়িন্স,

লেক অ্যারোহেডের ৩৭ বছর বয়সী মিচেল ওয়েটজেল।

বুধবারের হামলার পরপরই পুলিশের অভিযানে ব্যাপক গোলাগুলির মধ্যে এক নারী ও এক পুরুষ বন্দুকধারী নিহত হয়েছেন। এই হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো কোনোকিছু বলতে পারছে না পুলিশ।

হামলাকারী দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন, সৈয়দ রিজওয়ান ফারুক (২৮), যিনি স্যান বার্নার্ডিনো কাউন্টি স্বাস্থ্য বিভাগের পরিদর্শক হিসাবে কাজ করতেন। আর অপরজন তাশফিন মালিক (২৭)।

স্যান বার্নার্ডিনোর পুলিশ প্রধান জ্যারড বারজুয়ানের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, তাশফিন ফারুকের বান্ধবী; কিংবা তারা স্বামী-স্ত্রীও হতে পারেন।

হামলাকারী দুজনই পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

বলা হচ্ছে, ২০১২ সালে নিউটনে স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে গুলির ঘটনার পর এটিই যুক্তরাষ্ট্রে এ ধরনের হামলার সবচেয়ে বড় ঘটনা। নিউটনের স্কুলে ওই ঘটনায় হামলাকারীসহ ২৭ জন নিহত হয়।