‘তালেবানের শীর্ষ নেতা মনসুর গুরুতর আহত’
আফগান তালেবান গোষ্ঠীর শীর্ষ নেতা মোল্লা আখতার মনসুর গুরুতর আহত হয়েছেন।
পাকিস্তানে জঙ্গি-বিদ্রোহীদের সঙ্গে একটি বৈঠকে সদস্যদের মধ্যে বিবাদের জেরে গোলাগুলিতে তিনি আহত হন বলে তালেবানের একটি সূত্র জানিয়েছে।
বিবিসি বলছে, কোয়েটা শহরের কোথাও এই ঘটনাটি ঘটেছে।
কথা কাটাকাটির এক পর্যায়ে এই গোলাগুলি শুরু হয়। এতে তালেবান গোষ্ঠীর সশস্ত্র চার সদস্য মারা গেছেন বলেও সূত্রটি জানিয়েছে।
অপর এক খবরে জানা গেছে, মোল্লা মনসুর নিহত হয়েছে। তবে তা নিশ্চিত নয়।
অবশ্য গোলাগুলির কোনো ঘটনার কথা অস্বীকার করেছেন তালেবানের একজন মুখপাত্র।
জুলাইয়ে তালেবান গোষ্ঠীর প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের মৃত্যুর খবর ঘোষণার পর মোল্লা মনসুরকে তালেবানের সর্বোচ্চ নেতা মনোনীত করার বিষয়টি এই ইসলামপন্থি মৌলবাদী জঙ্গি গোষ্ঠীটির মধ্যে বিভক্তির সৃষ্টি করে।
তালেবানের উল্লেখযোগ্য সংখ্যক জ্যেষ্ঠ নেতা মনসুরের নেতৃত্ব মানতে অস্বীকৃতি জানান। এমন কী গেল মাসে সন্ত্রাসী এই গোষ্ঠীটিতে মোল্লা মোহাম্মাদ রাসুলের নেতৃত্বে ভাঙনেরও সৃষ্টি হয়।
তালেবান গোষ্ঠীর সূত্র জানিয়েছে, গোলাগুলির ঘটনাটি পরিকল্পিত নয় তবে স্বতস্ফূর্ত ছিল।
তালেবানের বেশ কয়েকটি সূত্র নিশ্চিত করেছে, আবদুল্লাহ সারহাদি নামে এক জঙ্গির বাসায় গোলাগুলি চলার সময় মোল্লা মনসুর ও তার দেহরক্ষীরা সেখানে ছিলেন।
সারহাদি যুক্তরাষ্ট্রের গুয়ান্তানামো বে কারাগারে বেশ কয়েকবছর বন্দি থেকে মুক্তি পাওয়ার পর তালেবানের গুরুত্বপূর্ণ প্রতীকী ব্যক্তিত্বে পরিণত হন।
ঠিক কী কারণে কোয়েটায় এই গোলাগুলির ঘটনা ঘটল তা পরিষ্কার নয়।
তালেবানের একজন জ্যেষ্ঠ নেতা বলেছেন, “বৈঠকে আলোচনা চলার সময় কিছু সংখ্যক জ্যেষ্ঠ সদস্যের মধ্যে মতপার্থক্যের সৃষ্টি হয় এবং এরপরই তারা পরস্পরকে লক্ষ করে গোলাগুলি শুরু করেন।
তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমর ২০১৩ সালে মারা গেলেও চলতি বছরের জুলাইয়ে তার মৃত্যুর খবর গোষ্ঠীটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়।
