রাশিয়ার হামলায় আইএসের দাপট কমছে: আসাদ
রাশিয়ার সামরিক হস্তক্ষেপে সিরিয়ার যুদ্ধে সুনির্দিষ্ট পরিবর্তন এসেছে, বিশেষ করে ইসলামিক স্টেটের (আইএস) দাপট কমে আসছে বলে দাবি করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।
৩০ সেপ্টেম্বর থেকে আসাদের সমর্থনে সিরিয়ায় বিমান হামলা শুরু করে রাশিয়া।
চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় টেলিভিশনে আসাদ বলেন, যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলায় সিরিয়ার আইএস জঙ্গিরা দুর্বল হয়নি। কিন্তু রাশিয়ার বিমান হামলা তাদের শক্তি ক্ষয় করতে সক্ষম হয়েছে।
তিনি বলেন, “গত বছর সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র সিরিয়ায় বিমান হামলা শুরু করে। এরপরও সারা বিশ্বে আইএস বিস্তার লাভ করে এবং তাদের সদস্য সংখ্যা বাড়তে থাকে।”
“একই যুদ্ধে রাশিয়ার অংশগ্রহণ শুরুর পর আইএস, আল-নুসরা ফ্রন্ট এবং অন্যান্য জঙ্গি দলগুলো দুর্বল হতে শুরু করেছে। বাস্তবতা একথাই বলছে।”
যদিও সেপ্টেম্বরে রাশিয়ার সিরিয়ায় বিমান হামলা শুরু করার আগেই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের পক্ষ থেকে বলা হয়েছিল, এরই মধ্যে তারা আইএস নিয়ন্ত্রিত সিরিয়ায় ১০ শতাংশ এলাকা উদ্ধার করেছে।
সম্প্রতি তুরস্ক-সিরিয়া সীমান্তে রাশিয়ার একটি বোমারুবিমান ভূপাতিত করে তুরস্ক।
এ বিষয়ে আসাদ বলেন, “এ ঘটনা তুরস্কের প্রেসিডেন্ট তায়েপ এরদোয়ানের সাহস হারিয়ে ফেলার প্রমাণ দিচ্ছে। (সিরিয়ার) যুদ্ধে রাশিয়ার হস্তক্ষেপের কারণে বাজি উল্টে গেছে।”
“সিরিয়ায় এরদোয়ান ও তার জঙ্গি দলের হেরে যাওয়ার অর্থ রাজনৈতিকভাবে তার (এরদোয়ানের) মৃত্যু হওয়া।”
