২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে বিশেষ বাহিনী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে চাপ আরো বাড়াতে ইরাকে বিশেষ বাহিনী পাঠাবে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাস্টন কার্টার এ কথা বলেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2015, 03:46 PM

Updated : 25 Apr 2022, 02:13 PM

কার্টারের বরাতে বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিশেষ এই বাহিনী বন্দি মুক্তি ও আইএস নেতাদের ধরার জন্য অভিযান পরিচালনা করবে।

কার্টার বলেন, “ইরাক সরকারের সঙ্গে পূর্ণ সমন্বয়ের মধ্যদিয়ে ইরাকি ও কুর্দি পেশমেরগা বাহিনীকে সহযোগিতার লক্ষ্যেই আমরা বিশেষ বাহিনী পাঠাচ্ছি।”

তিনি আরো বলেন, এই বাহিনী সিরিয়াতে ‘এককভাবে অভিযানও’ পরিচালনা করবে।

২০১৪ সালে ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল দখল করে ‘খিলাফত’ প্রতিষ্ঠার ঘোষণা দেয় আইএস।

ইরাক ও সিরিয়া উভয় দেশেই যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ৬৫ দেশীয় জোট আইএস জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে।

ঠিক কতজন সেনা ইরাকে পাঠানো হবে এ ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলেননি কার্টার।

তবে তিনি বলেছেন, ইরাকের সীমান্ত নিরাপত্তা ও দেশটির বাহিনীর দক্ষতা এবং সামর্থ্য বাড়ানোর ক্ষেত্রে এই বিশেষ বাহিনী কাজ করবে।