২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কমান্ডো অভিযানে মালির জিম্মি সঙ্কটের রক্তাক্ত অবসান

মালির রাজধানী বামাকোর একটি বিলাসবহুল হোটেলে বন্দুকধারীরা অস্ত্রের মুখে ১৭০ জনকে জিম্মি করার পর তার অবসান ঘটেছে বিশেষ বাহিনীর কমান্ডো অভিযানের মধ্য দিয়ে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2015, 10:29 PM

Updated : 12 Oct 2022, 04:30 PM

পুরনো খবর:

মালির হোটেলে কমান্ডো অভিযান, এখনও জিম্মি শতাধিক

শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টায় বন্দুকধারীরা র্যা ডিসন ব্লু হোটেলে বিদেশি নাগরিকসহ মোট ১৭০ জনকে জিম্মি করার পর জাতিসংঘের শান্তিরক্ষী এবং মার্কিন ও ফরাসি বাহিনীর সহযোগিতায় মালির বিশেষ বাহিনী এই অভিযান চালায়।

বন্দুকধারীরা হামলা চালানোর সাত ঘণ্টারও বেশি সময় জিম্মি ঘটনার অবসানের ঘোষণা দেন এক নিরাপত্তা কর্মকর্তা। দুই হামলাকারী নিহতের খবর জানান তিনি।

তবে তখনও সাততলা ভবনের সবচেয়ে উপরের ফ্লোরে অবস্থান নিয়ে বন্দুকধারীরা বিশেষ বাহিনীর বিরুদ্ধে লড়ছিলেন বলে জানায় মালির নিরাপত্তা মন্ত্রণালয়। হামলাকারীদের কাছে আর কেউ জিম্মি না থাকার কথাও জানায় তারা।

জাতিসংঘের শান্তিরক্ষীরা হোটেলে তল্লাশি চালিয়ে ২৭ জনের মৃতদেহ পেয়েছে বলে জাতিসংঘের এক কর্মকর্তা জানিয়েছেন।

প্যারিসে জঙ্গি হামলায় ১২৯ জন নিহতের ঘটনার রেশ না কাটতেই বামাকোর পশ্চিম অংশে  এই হামলার ঘটনা ঘটল।

আল-কায়েদা সংশ্লিষ্ট মালির উত্তরাঞ্চলের আল-মৌরাবিতউন নামের একটি জঙ্গি গোষ্ঠী এক টুইটে হামলার দায় স্বীকার করেছে।

স্থানীয় এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, অন্তত ১০ জন বন্দুকধারী ‘আল্লাহু আকবর’ ধ্বনি দিয়ে গুলি চালাতে চালাতে হোটেল ভবনে ঢোকে। তবে হোটেল পরিচালনাকারী কোম্পানি বলেছে, হামলাকারী ছিল দুইজন।

এক প্রত্যক্ষদর্শী জানান, বন্দুকধারীরা কূটনৈতিক লাইসেন্স প্লেট লাগানো একটি গাড়িতে করে আসে। তারা মুখোশ পরা ছিল। হোটেলের প্রবেশপথে নিরাপত্তারক্ষীরা তাদের থামানোমাত্র গোলাগুলি শুরু হয়।

জাতিসংঘ শান্তিরক্ষীরা হোটেলের বেজমেন্টে ১২ টি লাশ এবং দ্বিতীয় তলায় ১৫ টি লাশ দেখেছে বলে জানিয়েছেন এক জাতিসংঘ কর্মকর্তা।  নিহতদের মধ্যে বেলজিয়ামের ওয়ালোনিয়ার আঞ্চলিক পার্লামেন্টের এক সদস্যও আছেন।

হোটেলটিতে বিদেশি ব্যবসায়ী এবং বিমানের কর্মীরাই বেশি থাকতেন। হামলাকারীরা প্রাথমিকভাবে কুরআন পড়তে পেরেছে এমন জিম্মিদের মুক্তি দিয়েছে। পরে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে আরও জিম্মিকে মুক্ত করে।

হোটেল থেকে উদ্ধার দিয়াবেট নামে একজন টেলিফোনে রয়টার্সকে বলেন, “হোটেলের অভ্যর্থনা এলাকা থেকে গুলির শব্দ শুনতে পাচ্ছিলাম। আমি কক্ষ থেকে বেরোনোর সাহস করছিলাম না, কারণ এগুলো সাধারণ আগ্নেয়াস্ত্র থেকে গুলি মনে হচ্ছি না- সেনাবাহিনীর অস্ত্র থেকে গুলিবর্ষণ মনে হচ্ছিল।

“হামলাকারীরা আমার কক্ষের সামনের কক্ষে ঢুকেছিল। তখনও আমি বিছানার নিচে লুকিয়েছিলাম, কোনো শব্দ না করে। আমি তাদের ইংরেজিতে বলতে শুনি ‘তুলি এটা লোড করেছ?’, ‘চলো যাই’।”

২০১২ সালে মালির উত্তরাঞ্চল দখল করেছিল জঙ্গিরা। এদের কারও কারও সঙ্গে আল কায়েদার যোগ ছিল। ফরাসি বাহিনী সামরিক অভিযান চালিয়ে তাদেরকে উৎখাত করলেও মাঝে মধ্যেই সেখানে সহিংসতার ঘটনা ঘটছে।

গত অগাস্টে সন্দেভাজন জঙ্গিরা মালির মধ্যাঞ্চলের এক শহরের একটি হোটেলে অতিথিদের জিম্মি করে জাতিসংঘের পাঁচ কর্মীসহ ১৩ জনকে হত্যা করে। আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিরা দেশটির উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে রাজধানী বামাকো দখলের হুমকি দেওয়ার পর ২০১৩ সালের জানুয়ারিতে সেখানে সেনা মোতায়েন করে ফ্রান্স।

শুক্রবারের এ হামলার পর মালির সেনা, পুলিশ এবং বিশেষ বাহিনীসহ জাতিসংঘ শান্তিরক্ষী ও ফরাসি সেনারা ঘটনাস্থলে যায়। ভবনের বিভিন্ন তলায় জিম্মিদের মুক্ত করার অভিযানে মালির বিশেষ বাহিনীকে সহায়তা দেয় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী।

মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বোওবাকার কেটিয়া চাদ-এ এক সম্মেলনে ছিলেন। হামলার খবর পেয়ে তিনি দেশে ফিরে যান।

ওই হোটেলে জিম্মিদের মধ্যে নিরাপত্তা বাহিনী, টার্কিশ এয়ারলাইন্সের কর্মী, গিনির এক সঙ্গীতশিল্পী এবং চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের নাগরিকরাও ছিলেন।