মালির হোটেলে কমান্ডো অভিযান, এখনও জিম্মি শতাধিক
মালির রাজধানী বামাকোর একটি বিলাসবহুল হোটেলে বন্দুকধারীরা ১৭০ জনকে জিম্মি করার পর তাদেরকে মুক্ত করতে কমান্ডো অভিযান চালাচ্ছে বিশেষ বাহিনী।
মালির রাষ্ট্রীয় টিভি এ অভিযানে ৮০ জিম্মি উদ্ধার হয়েছে বলে জানিয়েছে। তবে মালির কর্মকর্তারা ৩০ জন উদ্ধার পাওয়ার কথা জানিয়েছেন। হোটেল কর্তৃপক্ষ বলছে, ভেতরে এখনও ১৩৮ জন জিম্মি রয়েছে।
আল-কায়েদার সঙ্গে জড়িত একটি আফ্রিকান জিহাদি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে। মালির উত্তরাঞ্চলের আল-মৌরাবিতউন নামের এ গোষ্ঠীটি এক ট্যুইটার বার্তায় হামলাটি চালিয়েছে বলে দাবি করেছে। তবে তাৎক্ষণিকভাবে এ দাবির সত্যতা যাচাই করা যায়নি।
ফরাসি ল্য মঁদে পত্রিকা মালির নিরাপত্তা মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রাথমিক হামলায় অন্তত তিনজন নিহত হওয়ার খবর জানিয়েছে। মালির কর্মকর্তারাও গুলিতে তিনজন নিহত এবং ২ সেনা আহত হয়েছে বলে জানিয়েছেন।
এয়ার ফ্রান্স জানায়, উদ্ধার অভিযানে তাদের ১২ ক্রু উদ্ধার পেয়েছে। হোটেলে অবস্থানরত অন্যান্যদের মধ্যে আছে তুরস্ক এয়ারলাইন্সের ছয় কর্মী, ২০ ভারতীয় এবং ১০ চীনা নাগরিক।
এর আগে এক খবরে বলা হয়েছিল,জিম্মিদের মধ্যে যারা কোরআন পড়তে পেরেছে তাদেরকে মুক্তি দেওয়া হয়।
শুক্রবার স্থানীয় সময় সকাল ৭ টায় হোটেলে হামলা হয়। প্যারিসে জঙ্গি হামলায় ১২৯ জন নিহতের ঘটনার রেশ না কাটতেই মালি রেডিসন ব্লু নামের হোটেলে এ হামলা হল।
সরকারি বিভিন্ন মন্ত্রণালয় এবং কূটনৈতিক অফিসগুলোর কাছে শহরের কেন্দ্রস্থলের পশ্চিমে হোটেলটি অবস্থিত।
এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ১০ জনের মতো বন্দুকধারী ‘আল্লাহু হু আকবর’ স্লোগান দিয়ে গুলি চালাতে চালাতে হোটেল ভবনে ঢুকে।
তবে হোটেল পরিচালনাকারী কোম্পানি রেজিদর গ্রুপ বন্দুকধারীর সংখ্যা ২ জন উল্লেখ করে। বিবিসি’তে এক বিবৃতিতে তারা জানায়, তাদের পাওয়া তথ্যমতে, দুইজন মানুষ হোটেলের ১৪০ জন অতিথি এবং ৩০ জন কর্মচারিকে জিম্মি করে।
বন্দুকধারীরা হোটেলে প্রবেশ করার সময় দুই নিরাপত্তারক্ষী আহত হয় বলে প্রাথমিক খবরে জানান হোটেলটির এক নিরাপত্তা কর্মকর্তা।
এক প্রত্যক্ষদর্শী জানান, বন্দুকধারীরা কূটনৈতিক লাইসেন্স প্লেট লাগানো একটি গাড়িতে করে আসে। তারা মুখোশ পরা ছিল। হোটেলের প্রবেশপথে নিরাপত্তারক্ষীরা তাদেরকে থামানোমাত্র তারা গুলি শুরু করে।
হামলাকারীরা কয়জন ছিল তা ঠিক করে বলা মুশকিল বলে জানিয়েছেন আরেক প্রত্যক্ষদর্শী। তিনি হামলাকারীর সংখ্যা ৫ থেকে ১৩ হতে পারে বলে জানান।
বিবিসি’র এক সংবাদদাতা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মালিকানাধীন এ হোটেলটি মালিতে কর্মরত প্রবাসীদের কাছে খুবই জনপ্রিয়।
২০১২ সালে মালির উত্তরাঞ্চল দখল করেছিল জঙ্গিরা। এদের কারও কারও সঙ্গে আল কায়েদারও যোগ ছিল। ফরাসি বাহিনী সামরিক অভিযান চালিয়ে তাদেরকে উৎখাত করলেও মাঝে মধ্যেই সহিংসতার ঘটনা ঘটছে।
গত অগাস্টে সন্দেভাজন জঙ্গিরা মালির কেন্দ্রস্থলের এক শহরের একটি হোটেলে লোকজনকে জিম্মি করে জাতিসংঘের ৫ কর্মীসহ ১৩ জনকে হত্যা করে।
মালিতে আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিরা দেশের উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে রাজধানী বামাকো দখলের হুমকি দেওয়ার পর ২০১৩ সালের জানুয়ারিতে সেখানে সেনা মোতায়েন করে ফ্রান্স।
শুক্রবারের এ হামলার পর মালির সেনা, পুলিশ এবং বিশেষ বাহিনীসহ জাতিসংঘ শান্তিরক্ষী ও ফরাসি সেনারা ঘটনাস্থলে যায়।
ভবনের বিভিন্ন তলায় জিম্মিদের মুক্ত করার মালির বিশেষ বাহিনীর অভিযানে সহায়তা করছে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী।
নিরাপত্তা বাহিনী হোটেল থেকে আইভরি কোস্টের এক নাগরিকসহ আরও ছয়জনকে বের করে এনেছে। তুরস্ক এয়ারলাইন্সের ছয় বিমানকর্মীর মধ্যে তিনজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের কর্মকর্তারা। উদ্ধার পেয়েছেন গিনির এক সঙ্গীতশিল্পীও।
মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বোওবাকার কেটিয়া চাদ- এ আঞ্চলিক একটি সম্মেলন সংক্ষিপ্ত করে দেশে ফিরে গেছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া অলন্দও জিম্মিদের উদ্ধারে ফ্রান্স সম্ভাব্য সব চেষ্টা চালাবে বলে জানিয়েছেন।
