‘প্যারিসে নতুন হামলার পরিকল্পনা উদঘাটন’
ফ্রান্সের রাজধানী প্যারিসে চালানো ভয়াবহ হামলায় ১২৯ জনকে হত্যা করার কয়েকদিনের মধ্যে শহরটির বাণিজ্যিক এলাকায় আরো হামলা চালানোর পরিকল্পনা করেছিল জঙ্গিরা।
বুধবার ভোররাতে প্যারিসের শহরতলীর সঁ দেনি এলাকায় প্যারিস হামলার মূল হোতা হিসেবে সন্দেহভাজন আব্দেলহামিদ আবাউদকে ধরতে অভিযান চালায় পুলিশ।
ওই এলাকার একটি অ্যাপার্টমেন্টে আবাউদ লুকিয়ে আছেন এমন খবরের ভিত্তিতে অ্যাপার্টমেন্টটিতে পুলিশ অভিযান শুরু করতেই এক নারী আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেন। এই নারী আবাউদের আত্মীয় বলে জানা গেছে।
কিন্তু অভিযানে আবাউদ নিহত হয়েছেন কিনা তা পরিষ্কার নয় বলে জানিয়েছেন অভিযানের সঙ্গে সংশ্লিষ্টরা। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, অভিযানে প্যারিসের বাণিজ্যিক এলাকায় জঙ্গিদের হামলা চালানোর একটি পরিকল্পনা উদঘাটিত হয়েছে।
পুলিশের দুটি সূত্র ও তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানান, সঁ দেনির জঙ্গি সেলটি প্যারিসে নতুন একটি হামলার চালানোর পরিকল্পনা করছিল।
এক সূত্র বলেন, “নতুন এই দলটি লঁ দিফস এলাকায় হামলার পরিকল্পনা করছিল।”
লঁ দিফস এলাকাটি প্যারিসের শহরতলীতে অবস্থিত আকাশচুম্বি ভবনের একটি বাণিজ্যিক এলাকা, এখানে ফ্রান্সের শীর্ষ ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর প্রধান কার্যালয় অবস্থিত।
ভারী অস্ত্রে সজ্জিত পুলিশ সঁ দেনি এলাকার অ্যাপার্টমেন্ট ভবনটিতে প্রবেশের মুখেই ব্যাপক গোলিগুলি শুরু হয়। এ সময় বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনাও ঘটে। এখানে আত্মঘাতী ওই নারী ছাড়াও পুলিশের গুলিতে আরো কয়েকজন নিহত হন।
এখানে নিহত দুই থেকে তিনজনের পরিচয় নিশ্চিত করতে ফরেনসিক বিভাগের বিশেষজ্ঞরা কাজ করছেন বলে জানা গেছে। এখান থেকে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে গ্রেপ্তারকৃতদের মধ্যে প্যারিস হামলার প্রধান পরিকল্পনাকারী বলে কথিত আবাউদ নেই বলে জানিয়েছেন প্যারিসের সরকারি কৌঁসুলি ফ্রাঁসোয়া মলিনস।
স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সন্ত্রাসীদের একটি নতুন দলকে নিষ্ক্রিয় করা হয়েছে।”
তিনি আরো জানান, অভিযানের সময় পুলিশ ভবনটি লক্ষ্য করে পাঁচ হাজার রাউন্ড গুলিবর্ষণ করেছে।
তদন্তের সঙ্গে জড়িত একটি সূত্র জানিয়েছে, আত্মঘাতী বিস্ফোরণে নিহত নারী আবাউদের কাজিন হতে পারেন। অপরদিকে ওয়াশিংটন পোস্ট এক জ্যেষ্ঠ ফরাসি কর্মকর্তার বরাতে জানিয়েছে, সঁ দেনি এলাকার গোলাগুলিতে আবাউদ নিজেও নিহত হয়েছেন।
কিন্তু মলিনস বলেছেন, নিহত কাউকেই শনাক্ত করা হয়নি এবং আবাউদের ভাগ্যে কী ঘটেছে তা এখনো পরিষ্কার নয়।
অন্য একটি ঘটনায় ফ্রান্সের অন্যান্য এলাকায়ও ইসলামিক স্টেটের (আইএস) সমর্থকরা সক্রিয়া রয়েছেন, এমন ইঙ্গিত পাওয়া গেছে।
ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর মার্সেইয়াতে আইএসের সঙ্গে সংহতি প্রকাশ করা তিনজনের একটি দল এক ইহুদি শিক্ষককে ছুরিকাঘাত করেছে বলে জানিয়েছেন সরকারি কৌঁসুলিরা। এই দলটির একজন আইএসের টি-শার্ট পরিহিত ছিলেন এবং অপরজন ফ্রান্সে বেড়ে ওঠা অপর এক জঙ্গির ছবি প্রদর্শন করেছেন বলে জানিয়েছেন তারা।
