২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসাদকে সরানোর দাবি ছাড়তে হবে: পশ্চিমাদেরকে রাশিয়া

ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে প্রকৃতই আন্তর্জাতিকভাবে জোটবদ্ধ হতে চাইলে পশ্চিমাদেরকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর দাবি ছাড়তে হবে বলে জানিয়ে দিয়েছে রাশিয়া।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 18 Nov 2015, 11:01 PM

Updated : 25 Apr 2022, 02:09 PM

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বুধবার বলেছেন, “সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে একজোট হতে কোনো পূর্বশর্ত যে গ্রহণযোগ্য নয়, সে ব্যাপারে এখন আর সন্দেহের কোনো অবকাশ নেই।”

মধ্যপ্রাচ্যে সিরিয়ার ঘনিষ্ঠ মিত্রদেশ রাশিয়ার সঙ্গে আসাদের ভবিষ্যৎ নিয়ে বরাবরই দ্বন্দ্ব চলে আসছে। মস্কো বলছে আসাদ ক্ষমতা ছাড়বেন কিনা সে সিদ্ধান্ত নেবে সিরিয়ার জনগণ। কিন্তু পশ্চিমা ও এর মিত্রদেগুলো চায় রাজনৈতিক উত্তরণ প্রক্রিয়ার সময়টিতে কিংবা এর পরবর্তী সময়ে আসাদ পদত্যাগ করুক।

বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়া সঙ্কট অবসান নিয়ে আলোচনায় রাশিয়ার ভূমিকার প্রশংসা করেন এবং মস্কো ইরাক ও সিরিয়ায় আইএস এ লক্ষ্যবস্তু করে হামলা চালালে রাশিয়ার সঙ্গে আরো ভাল সম্পর্ক গড়ার প্রস্তাব দেন। কিন্তু সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের রাজনৈতিক ভবিষ্যৎ এবং তার সমর্থনে রাশিয়ার সামরিক অভিযান চালানোর বিষয়টি নিয়ে মতভেদ এখনও কাটেনি বলেও জানান তিনি।