২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধসের ঝুঁকিতে ব্রাজিলের আরও দুটি বাঁধ

লৌহ কারখানার তরল বর্জ্য মজুদে ব্যবহৃত ব্রাজিলের দুটি বাঁধে ফাটল দেখা দেওয়ায় ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে দেশটির খনি প্রতিষ্ঠান সামারকো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2015, 01:03 PM

Updated : 22 Aug 2022, 01:58 PM

সামারকোর অবকাঠামো বিষয়ক পরিচালক ক্লেবার টেরা বলেন, “জার্মেনো এবং নিকটবর্তী বাঁধ সান্টারেম এখনও দাঁড়িয়ে আছে, তবে যেকোনো সময় ধসে পড়তে পারে।”

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এ মাসের শুরুর দিকে প্রতিষ্ঠানটির একটি জলাধার বিস্ফোরিত হয়ে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য মিনা জেরির অনেক বাড়িঘর ভাসিয়ে নিয়ে যায়। ওই ঘটনায় ১১ জন নিহত এবং ১২ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তিরা আর বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে।

ওই ঘটনার রেশ না কাটতেই আরও দুটি বাঁধে ফাঁটল দেখা দেওয়ার কথা জানালো সামারকো। ফাটল মেরামতে দ্রুতই কাজ শুরু করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গত ৫ নভেম্বর তাদের ফুন্দাও এবং জার্মেনো নামের দুটি বাঁধ ধসে যাওয়ার কথা প্রাথমদিকে জানিয়েছিল সামারকো কোম্পানিটি। তবে পরে শুধু ফুন্দাও জলাধার ধসের কথা জানানো হয়।

ওই ধসের পর সামারকো ব্রাজিলিয়ান সরকারকে ১৭০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। এই অর্থ দূষিত এলাকা পরিষ্কার এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ হিসাবে দেওয়া হবে। 

ফুন্দাও জলাধার ধসে একটি গ্রাম কাদায় তলিয়ে যায়। এ ঘটনায় পাঁচ শতাধিক মানুষ ঘরবাড়ি হারিয়েছেন।