২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিসে হামলাকারী ‘নবম’ ব্যক্তির সন্ধান

প্যারিস হামলায় অংশ নেওয়া সম্ভাব্য হামলাকারীর সংখ্যা আট বলা হলেও এখন সম্ভবত সেই সংখ্যা বাড়তে যাচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2015, 10:00 AM

Updated : 25 Apr 2022, 02:09 PM

বিবিসি বলছে, ফরাসি নিরাপত্তাসূত্র জানিয়েছে, অন্ততপক্ষে নজরদারিতে নিয়োজিত ভিডিও ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে এ ধরনের একটি সম্ভাবনার খোঁজ পাওয়া গেছে।

ভিডিও ফুটেজ পরীক্ষা করে দেখা যায়, কয়েকটি বার ও রেস্টুরেন্টে যে দলটি হামলা চালিয়েছিল সেই দলটিকে বহনকারী গাড়িতে তৃতীয় এক ব্যক্তির উপস্থিতি ছিল।

তবে এ বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি, নবম ওই ব্যক্তি বেলজিয়ামে আটক হামলাকারীদের সঙ্গে জড়িত সন্দেহভাজন দুই ব্যক্তির সহযোগী কিনা।

কথিত ইসলামিক স্টেট (আইএস) এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে।

গেল শুক্রবার সন্ধ্যায় প্যারিসে সন্ত্রাসী হামলায় ১২৯ জন নিহত হন। এতে ৪ শতাধিক মানুষ আহত হন। তাদের মধ্যে ২২১ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে আবার ৫৭ জনকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে।

আট হামলাকারীর মধ্যে একমাত্র জীবিত সন্দেহভাজন হামলাকারী সালাহ আবদেস্লাম। ঘটনার পরওই তিনি পালিয়ে যান। তাকে ধরার জন্য আন্তর্জাতিকভাবে চেষ্টা চালানো হচ্ছে।

ইতোমধ্যে বেলজিয়ামে নিবন্ধনকৃত কালো রেনাল ক্লিও গাড়িটি প্যারিসের উত্তরাঞ্চলে মনমার্টার কাছে পার্ক করা অবস্থায় পাওয়া গেছে।

তদন্তকারীদের ধারণা, এই গাড়িতে করেই হামলাকারীরা বেলজিয়াম থেকে প্যারিসে এসেছিল। ফরাসি কর্তৃপক্ষের ধারণা, হামলাকারীরা বেলজিয়ামেই সংগঠিত হয়েছিল আর গাড়িটি ঠিক সেখান থেকে হামলাকারীদের বহন করে নিয়ে এসেছিল।