আইএসের ওপর হামলায় ফ্রান্সের সঙ্গে যোগ দিল রাশিয়া
সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) অবস্থানগুলোতে ফ্রান্সের বিমান হামলার সঙ্গে যোগ দিয়েছে রাশিয়া।
প্যারিসে গত শুক্রবারের হামলার কড়া জবাব দিতে ফ্রান্স আইএস এর ওপর জোর বিমান হামলা শুরু করার পর রাশিয়াও মিশরের সিনাইয়ে তাদের বিমান বিধ্বস্তের ঘটনার জবাব দিতে একযোগে এ বিমান হামলা শুরু করল।
প্যারিসে হামলা চালিয়ে ১২৯ জনকে হত্যা এবং ৩১ অক্টোবরে মিশরের সিনাইয়ে রাশিয়ার বিমান বিধ্বস্ত করা- দুটো ঘটনারই দায় স্বীকার করেছে আইএস জঙ্গিরা। ইরাক এবং সিরিয়ায় ফ্রান্স এবং রাশিয়ার বিমান হামলার প্রতিশোধ নিতেই এ হামলা করা হয়েছে বলে জানায় আইএস।
মস্কো এর আগে সিনাইয়ে বিমান বিধ্বস্তের ঘটনাটি আইএস ঘটিয়েছে- তা মেনে না নিলেও মঙ্গলবার তারা প্রথম স্বীকার করেছে যে, সন্ত্রাসী হামলার কারণেই বিমানটি বিধ্বস্ত হয়েছিল।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিমানে হামলার জন্য দায়ীদের ‘খুঁজে বের করে শাস্তি’ দেওয়া এবং সিরিয়ায় আইএস অবস্থানে হামলা জোরদার করার অঙ্গীকার করেছেন।
তিনি বলেন, “এ হামলা এমনভাবে বাড়াতে হবে যাতে অপরাধীরা বোঝে যে এ প্রতিশোধ হামলা এড়ানো যাবে না।”
পশ্চিমা কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়া মঙ্গলবার সিরিয়ার রাক্কায় আইএস ঘাঁটিগুলোতে বহু সংখ্যক বিমান হামলা চালিয়েছে। অন্যদিকে, একই শহরে দ্বিতীয় দিনের মতো হামলা চালিয়েছে ফ্রান্সের জঙ্গিবিমানও।
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া অলন্দ বলেছেন, আইএস এর বিরুদ্ধে একটি বৃহত্তর জোটে যোগ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র এবং রাশিয়াকে রাজি করাতে তিনি আগামী দিনগুলোতে প্রেসিডেন্ট ওবামা এবং প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করবেন।
রাশিয়া গত সেপ্টেম্বর থেকে সিরিয়ায় বিমান হামলা শুরু করে। দেশটি বরাবরই তাদের হামলার লক্ষ্য আইএস বলে দাবি করে আসলেও তাদের বেশির ভাগ বোমা হামলাই সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিরোধীদের ওপর চলেছে বলে অভিযোগ আছে।
