২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের পার্লামেন্টে কোনো আসন পায়নি মুসলিমরা

মিয়ানমারের নতুন পার্লামেন্টে কোনো আসন জিতেনি মুসলিমরা। নির্বাচনের চূড়ান্ত ফলে এমনটিই দেখা গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2015, 08:49 PM

Updated : 25 Apr 2022, 02:09 PM

বর্তমান জনপ্রতিনিধিরা আসন খুইয়েছে এবং নতুন মুসলিম প্রার্থীরা তাদের নির্বাচনী আসনগুলোতে পরাজিত হয়েছে।

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে মুসলিমদের সংখ্যা সরকারি হিসাবে ৪ শতাংশ। যদিও এ সংখ্যা আরও বেশি বলে দাবি অনেকেরই। কিন্তু নির্বাচনে তারা ঘৃণা-বিদ্বেষেরই শিকার হয়েছে।

কট্টরপন্থি জাতীয়তাবাদী আন্দোলন সংগঠন ‘দ্য কমিটি ফর দ্য প্রোটেকশন অফ রেস এন্ড রেলিজিওন’ (মা বা থা) দেশজুড়ে মুসলিমদেরকে বৌদ্ধদের জন্য হুমকি বলে প্রচার চালিয়েছে।

মিয়ানমারের নির্বাচন কমিশন নির্বাচনের আগেই কয়েকজন মুসলিম প্রার্থীকে অযোগ্য ঘোষণা করে। বাবা-মা মিয়ানমারের নাগরিক কিনা সে প্রশ্নে তাদের প্রার্থিতা বাতিল করা হয়।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক মিনাক্ষী গাঙ্গুলি জানান, “মিয়ানমারে নির্বাচনের জন্য অনুমোদিত ৬ হাজার ৭৪ জন প্রার্থীর মধ্যে বৌদ্ধ ছিল ৫ হাজার ১৩০ জন, খ্রিস্টান ৯০৩ জন এবং মাত্র ২৮ কিংবা ০ দশমিক ৫ শতাংশ প্রার্থী ছিল মুসলিম।”

মিয়ানমারের ক্ষমতাসীন ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) থেকে কোনো মুসলিম প্রার্থী ছিল না। ওদিকে, গণতন্ত্রের নেত্রী অং সান সু চির ন্যাশনাল লিগ ডেমোক্র্যাসি (এনএলডি) মা বা থা আন্দোলনের চাপে কোনো মুসলিম প্রার্থীকে নির্বাচনে দাঁড়াতে দিতে পারেনি।

ভোটের ৯৯ শতাংশ ফল ঘোষণার পর দেখা গেছে, এনএলডি ৩৯০ আসন পেয়েছে।  অর্থাৎ, পার্লামেন্টের দুই কক্ষে ৮০ শতাংশেরও বেশি আসন পেয়েছে তারা। অন্যদিকে, ক্ষমতাসীন দল ইউএসডিপি পেয়েছে ৪১ আসন।

আর মিয়ানমারের সবচেয়ে বড় মুসলিম পার্টি ‘ইউনাইটেড ন্যাশনাল কংগ্রেস’ সব আসনেই পরাজয় স্বীকার করে নিয়েছে।