যুক্তরাষ্ট্র থেকে শতকোটি ডলারের ‘স্মার্ট’ বোমা কিনছে সৌদি
ইয়েমেনে শিয়া বিদ্রোহীদের বিরুদ্ধে এবং সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্র থেকে ১২৯ কোটি ডলারের ‘স্মার্ট বোমা’ কিনছে সৌদি আরব।
সোমবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তর পেন্টাগন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বোমা বিক্রির বিষয়টি অনুমোদন করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, বিদেশি রাষ্ট্রের কাছে অস্ত্র বিক্রির বিষয়টি তদরক করা পেন্টাগনের `প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ)’ শুক্রবার এক নোটিশে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের অস্ত্র বিক্রির অনুমোদনের বিষয়টি জানিয়েছে।
আইনপ্রণেতারা অস্ত্র বিক্রি বন্ধ করতে চাইলে পরবর্তী ৩০ দিন সময় পাবেন।
আইন পরিষদে কোনো দাপ্তরিক নোটিশ দেওয়ার আগে অস্ত্র বিক্রির বিষয়গুলো যেহেতু পুঙ্খানুপুঙ্খরূপে যাচাই করে নেওয়া হয়, তাই আইন পরিষদ থেকে অস্ত্র বিক্রি বন্ধ করার পদক্ষেপ নেওয়া একটি বিরল বিষয়।
ইরানের সঙ্গে পরমাণু বিষয়ক চুক্তি করার পর শিয়া সংখ্যাগরিষ্ঠের দেশ ইরানের সৌদি আরবসহ উপসাগরীয় সুন্নি সংখ্যাগরিষ্ঠের আরব দেশগুলোকে সামরিক সমর্থন বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। বোমার এই চালান ওবামার সেই প্রতিশ্রুতির প্রতিফলন।
এসব বোমা সৌদি আরবের রাজকীয় বিমান বাহিনীর (আরএসএএফ) ঘাটতি পূরণ করবে এবং ভবিষ্যত অভিযানের জন্য মজুদ করে রাখা যাবে বলে জানিয়েছে ডিএসসিএ।
বিক্রির জন্য প্রস্তাবিত অস্ত্রের চালানে ২২ হাজার স্মার্ট এবং নিয়মিত বোমা রয়েছে। এরমধ্যে এক হাজার জিবিইউ-১০ পেভওয়ে টু লেসার গাইডেড বোমা এবং পাঁচ হাজারেরও বেশি জয়েন্ট ডিরেক্ট অ্যাটাক মুনিশন কিটস্ আছে। এসব কিটস্ জিপিএস সিগন্যাল ব্যবহার করে পুরনো বোমাগুলোকে নির্দিষ্ট লক্ষ্যভেদে নিয়ন্ত্রিত অস্ত্রে পরিণত করতে পারবে।
এর আগে সেপ্টেম্বরে সৌদি আরবে ৫৪০ কোটি ডলার মূল্যের ৬০০টি প্যাট্রিয়ট-পিএসি-থ্রি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র বিক্রির বিষয়টি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র।
এছাড়া অক্টোবরে এক হাজার ১২৫ কোটি ডলারের বিনিময়ে যুক্তরাষ্ট্রের অস্ত্রশস্ত্রের অন্যতম সবচেয়ে বড় ক্রেতা সৌদি আরবের কাছে চারটি লিটোরাল কমব্যাট জাহাজ বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র সরকার।
