২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরীয় শরণার্থী নেওয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলো

প্যারিস হামলার জেরে নিরাপত্তার শঙ্কায় যুক্তরাষ্ট্রের এক ডজনেরও বেশি অঙ্গরাজ্য সিরীয় শরণার্থীদের আর গ্রহণ করবে না বলে জানিয়ে দিয়েছে। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2015, 01:15 PM

Updated : 25 Apr 2022, 02:09 PM

মিশিগান অঙ্গরাজ্যের গভর্নর রিক স্নিডার জানিয়েছেন, নতুন পর্যালোচনা না হওয়া পর্যন্ত তিনি নতুন শরণার্থীদের আশ্রয় স্থগিত করছেন। 

আলবামা, টেক্সাস এবং অন্যান্য বেশ কয়েকটি অঙ্গরাজ্যও একই ধরনের বিবৃতি দিয়েছে। তবে অঙ্গরাজ্যগুলোর এ ধরনের পদক্ষেপ নেওয়ার বৈধতার বিষয়টি পরিষ্কার নয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। 

সিরিয়ার গৃহযুদ্ধের কারণে যারা দেশ ছেড়ে পালাচ্ছেন তাদের সাহায্য করতে ‘পদক্ষেপ নেওয়ার জন্য ও যার যার ভূমিকা পালন করার জন্য’ প্রেসিডেন্ট বারাক ওবামা অঙ্গরাজ্যগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। 
 
তিনি বলেছেন, “তাদের (সিরীয় শরণার্থী) মুখের ওপর দরজা বন্ধ করে দেওয়াটা আমাদের নীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে। নিরাপত্তার জন্য হন্যে হয়ে আছে এমন শরণার্থীদের আমাদের জাতি স্বাগত জানাতে পারে এবং আমাদের নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করতে পারে। উভয়টিই আমাদের করতে হবে, আর আমরা এটি পারি।”

যে অঙ্গরাজ্যগুলো সিরীয় শরণার্তী গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে সেগুলো হল- আলাবামা, অ্যারিজোনা, আরকানসাস, ফ্লোরিডা, জর্জিয়া, ইলিনয়,  ইন্ডিয়ানা, আইওয়া, লুইসিয়ানা, ম্যাসাচুসেটস, মিশিগান,মিসিসিপি, নিউ হ্যাম্পশায়ার, নর্থ ক্যারোলিনা, ওহিও, টেক্সাস ও  উইসকনসিন।

শুক্রবার সন্ধ্যারাতে প্যারিসে জঙ্গি হামলায় ১২৯ জন নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর গভর্নররা এসব সিদ্ধান্ত নিয়েছেন। 

প্যারিসের ওই হামলায় সাত হামলাকারী নিহত হয়েছেন। এদের মধ্যে একজন সিরিয়া থেকে শরণার্থীর বেশে গ্রিস হয়ে ইউরোপে প্রবেশ করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। 

গৃহযুদ্ধের তীব্রতা বৃদ্ধি পাওয়ার কারণে লাখ লাখ সিরীয় প্রতিবেশী দেশগুলোতে ও ইউরোপে পালিয়ে যাচ্ছে। ইউরোপজুড়ে উপচে পড়া শরণার্থীদের নিয়ে সৃষ্ট সংকটের মুখে আগামী ১২ মাসে ১০ হাজার শরণার্থী নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।