সিরিয়া নিয়ে একমত ওবামা-পুতিন: হোয়াইট হাউজ
সিরিয়ায় রাজনৈতিক উত্তরণের মধ্য দিয়ে সমস্যা সমাধানের প্রয়োজনীয়তার ব্যাপারে একমত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হোয়াইট হাউজের একজন কর্মকর্তা একথা জানিয়েছেন।
তুরস্কে জি-২০ নেতাদের সম্মেলনের ফাঁকে ওবামা ও পুতিন প্রায় আধা ঘণ্টা বৈঠক করেন এবং সেখানে সিরিয়া ইস্যুতে এ মতৈক্য হয়। প্যারিসে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে সিরিয়া সঙ্কটের রাজনৈতিক সমাধান আরও জরুরি হয়ে পড়েছে বলে মত প্রকাশ করেন দুই নেতা।
ওবামা প্যারিসে আইএস এর হামলার ঘটনাটিকে বিশ্ব সভ্যতার ওপর হামলা বলে বর্ণনা করেছেন এবং দায়ীদের খুঁজে বের করতে তার দেশ ফ্রান্সের সঙ্গে কাজ করে যাবে বলে জানিয়েছেন।
যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলো সিরিয়া সঙ্কটের শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার দ্বিগুণ চেষ্টা নেবে এবং আইএস জঙ্গিদেরকে প্যারিসের মত হামলার ঘটনা ঘটানো থেকে প্রতিহত করবে বলেও জি-২০ সম্মেলনে অঙ্গীকার করেছেন ওবামা।
সম্মেলনের ফাঁকে বৈঠককালে ওবামা ও পুতিন দুইজনই সিরিয়ায় সঙ্কট সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।
হোয়াইট হাউজের ওই কর্মকর্তা জানান, দুই নেতা সিরিয়ার চলমান সঙ্কট অবসানে জাতিসংঘের মধ্যস্থতায় সংলাপ শুরু, দ্রুত যুদ্ধবিরতি কার্যকর এবং সিরিয়ার জনগণের নেতৃত্বে রাজনৈতিক পরিবর্তনের বিষয়ে একমত হন।
