আইএস নির্মূলের অঙ্গীকার ওবামার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি নির্মূলে জোর চেষ্টা চালানো এবং প্যারিসের মত ঘটনা আর ঘটতে না দেওয়ার অঙ্গীকার করেছেন।
ওদিকে, ইউরোপীয় দেশগুলোর নেতারা রাশিয়াকে আইএস কে লক্ষ্যবস্তু করে সামরিক হামলা চালানোর ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন।
তুরস্কে জি-২০ নেতাদের সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ওবামা প্যারিসে আইএস এর হামলার ঘটনাকে বিশ্ব সভ্যতার ওপর হামলা বলে বর্ণনা করেন এবং দায়ীদের খুঁজে বের করতে তার দেশ ফ্রান্সের সঙ্গে কাজ করে যাবে বলে জানান।
ওবামা ও অন্যান্য দেশের নেতারা সিরিয়া থেকে মাত্র ৫০০ কিলোমিটার দূরে বসে দুইদিনের এ সম্মেলন করছেন।
তুরস্কের প্রেসিডেন্ট তায়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকের পর এক বিবৃতিতে ওবামা বলেন, “ঐতিহ্যগতভাবে জি-২০ প্রাথমিকভাবে বিশ্বের অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনারই মঞ্চ... (কিন্তু) মাত্র দেড়দিন আগে প্যারিসে ভয়াবহ হামলার ঘটনায় আকাশ কালো মেঘে ঢাকা পড়েছে।”
“যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলো সিরিয়া সঙ্কটের শান্তিপূর্ণ সমাধান খুঁজেবের করার দ্বিগুণ চেষ্টা নেবে এবং আইএস জঙ্গিদেরকে প্যারিসের মত হামলার ঘটনা ঘটানো থেকে প্রতিহত করবে।”
কিন্তু সিরিয়া এবং ইরাক থেকে অনেক দূরের জায়গায় আইএস হুমকি হয়ে ওঠার যে নমুনা আবারও দেখাল তাতে তাদেরকে মোকাবেলায় কিভাবে কাজ করা উচিত সে প্রশ্নই এখন ওবামা আর তার পশ্চিমা মিত্রদেশগুলোর সামনে এসে দাঁড়িয়েছে।
যুক্তরাষ্ট্র চায় আইএস এর বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশনের বোমা হামলা অভিযানে ফ্রান্স আরও বড় ভূমিকা নিক।
তবে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড তুস্ক বলেছেন, রাশিয়ারও কেবল সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিরোধীদের ওপর হামলা না চালিয়ে বরং আরও সুনির্দিষ্টভাবে আইএস এর ওপর বিমান হামলা চালানো উচিত।
তাছাড়া, ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে সহযোগিতারও আহ্বান জানান তিনি। তুস্ক বলেন, “আইএস এর বিরুদ্ধে সমন্বিত ব্যবস্থা নেওয়াটাই এখন আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত। আর এক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সহযোগিতাটা খুবই গুরুত্বপূর্ণ।”
