২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘যুক্তরাষ্ট্রের বিমান হামলায় লিবীয় আইএসের প্রধান নিহত’

যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলায় লিবীয় ইসলামিক স্টেটের (আইএস) প্রধান সম্ভবত নিহত হয়েছেন বলে জানিয়েছে পেন্টাগন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2015, 11:56 AM

Updated : 25 Apr 2022, 02:09 PM

শুক্রবার লিবিয়ার দের্না এলাকায় স্থানীয় আইএসের প্রধানকে লক্ষ্য করে বিমান হামলাটি চালানো হয় বলে পেন্টাগনের বরাতে জানিয়েছে বিবিসি।

লিবীয় আইএস প্রধান ইরাকি নাগরিক আবু নাবিল, যিনি ওয়াসিম নাজিম আব্দ জায়াদ আল-জুবায়দি নামেও পরিচিত, দীর্ঘদিন আল কায়েদার সক্রিয় সদস্য ছিলেন বলে পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে।

বার্তা সংস্থাগুলো জানায়, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা নাবিল নিহত হয়েছেন বলে বিশ্বাস করেন। 

পেন্টাগনের মুখপাত্র পিটার কুক বলেন, “নাবিলের মৃত্যুতে লিবীয় আইএসআইএল (আইএস) এর সামর্থ্য হ্রাস পাবে। এতে লিবিয়ায় গোষ্ঠীটির নতুন ঘাঁটি প্রতিষ্ঠা, নতুন সদস্য সংগ্রহ ও যুক্তরাষ্ট্রে হামলা চালানোর পরিকল্পনা বিঘ্নিত হবে।” 

শুক্রবার রাতে প্যারিসে সন্ত্রাসী হামলার আগেই দের্নায় অভিযান চালানো হয় বলে জানান তিনি।

লিবিয়ায় কোনো আইএস নেতার ওপর যুক্তরাষ্ট্রের চালানো এটিই প্রথম হামলা বলে জানিয়েছে পেন্টাগন।

এক প্রত্যক্ষদর্শীর বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, দের্নার আইএস নিয়ন্ত্রিত ফাত্তায়াহ এলাকায় বিমান হামলাটি চালানো হয়।

গত বছর আইএসের জঙ্গিরা দের্না দখল করে নিয়েছিল, কিন্তু জুলাইতে স্থানীয় ইসলামিপন্থিরা তাদের শহরটি থেকে প্রায় তাড়িয়ে দেয়।

চলতি বছর লিবিয়ায় কপটিক খ্রিস্টানদের খুনের ঘটনার ভিডিওতে আইএসের মুখপাত্র হিসেবে যিনি কথা বলেছেন, সে নাবিল হতে পারে বলে মনে করেন কুক।

চার বছর আগে লিবিয়ার স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে দেশটিতে বিশৃঙ্খলা বিরাজ করছে। বিভিন্ন গোষ্ঠী দেশটির বিভিন্ন এলাকা দখল করে এক অপরের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।