সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা বিশ্ব নেতাদের
প্যারিসের কয়েকটি স্থানে ইসলামিক স্টেটের (আইএস) হামলায় শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় দুঃখ ও সমবেদনা জানিয়েছেন বিশ্বনেতারা। ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ।
পোপ ফ্রান্সিস এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে একে ‘অযৌক্তিক ও অমানবিক’ কাজ বলে বর্ণনা করেছেন।
শনিবার ইতালির একটি টেলিভিশন চ্যানেলকে ফোনে পোপ বলেন, “এ হামলার কোনো যুক্তিযুক্ত কারণ নেই। এটা মানুষের কাজ নয়।”
সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় পর্ষদও এ ঘটনার নিন্দা জানিয়েছে।
দেশটির জ্যেষ্ঠ ধর্মীয় পন্ডিত পরিষদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “ইসলামে সন্ত্রাসবাদের কোনো জায়গা নেই। ইসলাম পৃথিবীতে রহমতের যে শিক্ষা দিতে চায় এ কাজ তার বিপরীত।”
ফ্রান্সের রাজধানী প্যারিসে শুক্রবার রাতে কাছাকাছি সময় বেশ কয়েকটি জায়গায় গুলিবর্ষণ ও বোমা হামলায় অন্তত ১২৭ জন নিহত হয়। আহত হয়েছেন আরও দেড় শতাধিক মানুষ।
ফ্রান্সের প্রতি সংহতি প্রকাশ করে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেন, প্যারিসে হামলার মূলহোতাদের খুঁজে বের করতে ফ্রান্সকে সাহায্য করবে জার্মানি। বার্লিন সবসময় ফ্রান্সের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করবে।
“প্যারিসের জনগণ দুঃস্বপ্নের মধ্য দিয়ে যাচ্ছে। আজ আমি তাদের এবং পুরো ফ্রান্সবাসীকে বলতে চাই, আমরা আপনাদের জার্মান বন্ধুরা আপনাদের পাশেই আছি। আমরাও আপনাদের সঙ্গে কাঁদছি। আপনাদের সঙ্গে এমন জঘন্য কাজ যারা করেছে তাদের বিরুদ্ধে যুদ্ধে আমরাও আপনাদের পাশে আছি।”
প্যারিসে সন্ত্রাসী হামলার পরপর হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর গ্যাটউইকের একটি টার্মিনাল খালি করে ফেলা হয়।
শনিবার টেলিভিশনে এক ভাষণে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, “আমরা এরই মধ্যে উচ্চ হুমকির মুখে আছি। এর অর্থ যেকোনো সময় একটি হামলার আশঙ্কা অনেক বেশি এবং এ হুমকি আগামীতেও থাকবে।”
“স্বীকার করতেই হবে, আমরা যতই শক্ত থাকি, আমরা যতই প্রস্তুত থাকি তারপরও যুক্তরাজ্যে আমাদের এ ধরণের হুমকির মোকাবেলা করতে হতে পারে।”
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ফ্রান্সের জনগণের প্রতি সমবেদনা জানানোর পাশপাশি হামলার ঘটনা তদন্তে ফ্রান্সকে সহযোগিতার প্রস্তাব দিয়ে বলেন, “ফ্রান্সের সরকার ও জনগণের প্রয়োজনে যেকোনো ধরণের সাহায্য করতে আমরা সদা প্রস্তুত আছি।”
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বলেন, “ফ্রান্স, অস্ট্রেলিয়ায়সহ পুরো বিশ্বে স্বাধীনতা নিজের জন্য এবং সন্ত্রাসের বিরুদ্ধে নিজের মূল্যবোধকে বাঁচিয়ে রাখতেই মাথা উঁচু করে রাখে। আমরা ফ্রান্সের জনগণ এবং ওই সমস্ত মুক্তচিন্তার মানুষ যারা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছে তাদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াব।”
প্যারিসে হামলার পর ইতালিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
টেলিভিশনে ইতালির প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি বলেন, “ইতালি ফ্রান্সের পাশে আছে। এ হামলা সমস্ত মানবতার বিরুদ্ধে হামলা। পরবর্তী হামলার ঝুঁকিকে খাটো করে দেখা উচিত হবে না।”
রিয়া (আরআইএ) নিউজ এজেন্সির খবরে বলা হয়, প্যারিসে হামলার পর রাশিয়া জুড়ে পরিবহন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
