যুক্তরাষ্ট্রে পর্যটক বাস দুর্ঘটনায় আহত ২০
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে একটি দ্বিতল পর্যটক বাস দুর্ঘটনায় অন্ততপক্ষে ২০ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার বিকেলে বাসটি কয়েকটি গাড়িকে চাপা দিয়ে রাস্তা পাশের বেষ্টনীর উপর কাত হয়ে পড়ে বলে জানায় কর্তৃপক্ষ।
আহতদের মধ্যে ছয়জনের অবস্থা সংকটাপন্ন। বিভিন্ন ধরনের আঘাতে আহত অপর ১২ জনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত অপর দুইজনকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সময় বিকেল ৩টায় ঘটনাটি ঘটে বলে জানান সান ফ্রান্সিসকো দমকল কর্মকর্তা মিন্ডি তালমাদজ।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বাইসাইকেলকে আঘাত করার পর বাসটি আরো পাঁচটি গাড়িকে চাপা দিয়ে বেষ্টনীতে গিয়ে আঘাত করে। এরপর বাসটি একদিকে কাত হয়ে পাশের গাড়ি ও মানুষের উপর গিয়ে পড়ে।
শহরের ইউনিয়ন স্কয়ারের কাছে এ ঘটনা ঘটে বলে জানান তালমাদজ।
তিনি জানান, বাসের উপরের খোলা অংশে থাকা এক পর্যটক গুরুতর আহত হয়েছেন। সংকটাপন্ন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যান দমকলকর্মীরা। বাসটির চালকও আহত হয়েছেন।
আহত অন্যদের বাসটির নিচে চাপা পড়া অবস্থায় ও আহতাবস্থায় গাড়ি থেকে বের করে আনা হয়।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
