২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের কৃত্রিম দ্বীপের কাছ দিয়ে মার্কিন যুদ্ধবিমানের টহল

দক্ষিণ চীন সাগরে চীনের তৈরি একটি কৃত্রিম দ্বীপের কাছ দিয়ে দুটি মার্কিন বি-৫২ যুদ্ধবিমান উড়ে গেছে বলে জানিয়েছে পেন্টাগন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2015, 12:51 PM

Updated : 12 Oct 2022, 04:27 PM

এরআগে কৃত্রিম এই দ্বীপটির ১২ নটিক্যাল মাইলের মধ্য দিয়ে টহল দেয় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রবাহী একটি যুদ্ধজাহাজ।

দক্ষিণ চীন সাগরের ওই এলাকাটি নিজেদের বলে দাবি করে চীন। সেখানে মার্কিন যুদ্ধজাহাজ টহল দেয়ার পর তারা ক্ষোভ প্রকাশ করে এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্কও করে।

বিবিসি বলছে, আসছে সপ্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ম্যানিলায় একটি শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। চীনের প্রেসিডেন্ট জি জিনপিংও ওই সম্মেলনে অংশ নেবেন।

এই পরিস্থিতিতেই মার্কিন যুদ্ধবিমান চীনের দাবিকৃত এলাকার আকাশসীমার কাছ দিয়ে টহল দেয়।

রোববার রাতভর চীনের কৃত্রিম দ্বীপের কাছ দিয়ে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান দুটি টহল দেয়। এটি দক্ষিণ চীন সাগরে একটি নিয়মিত মিশনের অংশ বলে পেন্টাগনের মুখপাত্র বিল আরবান জানিয়েছেন।

বিমান দুটি গুয়াম থেকে যাত্রা শুরু করে আবার সেখানেই ফিরে এসেছে।

চীনের দাবিকৃত কৃত্রিম দ্বীপের আকাশসীমা লঙ্ঘণ করেনি বি-৫২ বিমান দুটি, জানিয়েছে পেন্টাগন।

মুখপাত্র আরবান জানিয়েছেন, দুটি বিমানই দুটি সতর্কতা পেয়েছে। ১৫ নটিক্যাল মাইলের মধ্যে যেন কখনো কোনো অবস্থাতেই আকাশযান দুটি প্রবেশ না করে সেই বার্তা ছিল তাতে।

তিনি আরো জানান, দুটি বিমানই কোনো দুর্ঘটনা ছাড়াই আন্তর্জাতিক আইন মান্য করে মিশন সম্পন্ন করেছে।

Image
দক্ষিণ চীন সাগরে বালি ফেলে তৈরি করা কৃত্রিম দ্বীপ। ছবি: রয়টার্স

দক্ষিণ চীন সাগরে বালি ফেলে তৈরি করা কৃত্রিম দ্বীপ। ছবি: রয়টার্স

সমুদ্রে মার্কিন যুদ্ধজাহাজ টহলের পরিপ্রেক্ষিতে চীন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে জানিয়েছিল, যুক্তরাষ্ট্র তাদের 'উসকানি মূলক কার্যক্রম' বন্ধ না করলে ছোট্ট কোনো দুর্ঘটনাই দক্ষিণ চীন সাগরে সংঘর্ষ উসকে দিতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা রয়টার্সকে তখন বলেছিলেন, "তিন মাসে অন্তত দুই বার এ ধরনের টহল দেয়া হবে।" 

২০১৪ সালে দক্ষিণ চীন সাগরের স্প্যার্টলি দ্বীপমালার সুবি ও মিসচিফ শৈলশ্রেণী দুটিতে বালু ফেলে একটি দ্বীপ তৈরি করে চীন।  কৃত্রিম এ দ্বীপর চারদিকের ১২ নটিক্যাল মাইল এলাকাকে চীন তার জলসীমা বলে দাবি করছে।

দক্ষিণ চীন সাগরের এ এলাকাটি বিশ্বের সবচেয়ে ব্যস্ত সমুদ্র-বাণিজ্যপথগুলোর অন্যতম।

গুরুত্বপূর্ণ ওই এলাকাটির ওপর চীনের একচ্ছত্র মালিকানার দাবিকে চ্যালেঞ্জ জানাতেই যুক্তরাষ্ট্র সেখানে নিয়মিত টহলের ব্যবস্থা করছে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র জানিয়ে দিয়েছে, সমুদ্রে তাদের স্বাধীনতার যে নীতি তা অব্যাহত রাখার পরিকল্পনা করেছে।