অস্ত্র কেনা বন্ধের আদেশ ফার্ক নেতার
কলম্বিয়ার সবচেয়ে বড় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ফার্কের নেতা অস্ত্রশস্ত্র কেনা বন্ধের আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন।
বিবিসি বলছে, টিমোচেনকো নামে পরিচিত রডরিগো লন্ডোনো একহেভেরি সেপ্টেম্বরেই এই নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন।
এই সিদ্ধান্তের মাধ্যমে কলম্বিয়ার সেনাবাহিনীর সঙ্গে সংঘাত বন্ধে ফার্কের প্রতিশ্রুতির প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেছেন টিমোচেনকো।
প্রায় তিন বছর ধরে কলম্বিয়া সরকারের সঙ্গে দেশটির বামপন্থি ফার্ক গেরিলা দলের শান্তি আলোচনা চলছে।
উভয়পক্ষই জানিয়েছে, আসছে মার্চে একটি শান্তিচুক্তিতে সই করতে পারবেন বলে আশা করছেন তারা।
রেভ্যুলুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া বা ফার্ক ১৯৬৪ সাল থেকে সশস্ত্র বিদ্রোহ শুরু করে। তারপর থেকে সরকারি বাহিনী ও বিদ্রোহীর সংঘর্ষে প্রায় ২ লাখ ২০ হাজার মানুষ নিহত হয়েছেন।
২০১২ সালের নভেম্বরে কিউবা সরকারের উদ্যোগে দেশটির রাজধানী হাভানায় কলম্বিয়া সরকার ও ফার্ক নেতৃবৃন্দের মধ্যে শান্তি আলোচনা শুরু হয়।
শান্তি আলোচনার অন্যতম উদ্দেশ্য অস্ত্র ত্যাগ করে বিদ্রোহী গোষ্ঠীটির বৈধ রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ গ্রহণ করা।
দীর্ঘ দিনের আলোচনায় চারটি মূল বিষয়ে দুপক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। এসব বিষয়গুলো হল- বিদ্রোহীদের রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ, ভূমির অধিকার, মাদক পাচার বন্ধ ও সর্বশেষ অভিযুক্ত বিদ্রোহীদের বিচার।
বিদ্রোহী গোষ্ঠীটির যে সব সদস্য অপরাধ করেছেন, তাদের বিচার কীভাবে করা হবে, তা নির্ধারণ করা মূল বিষয়গুলোর মধ্যে সবচেয়ে জটিল ইস্যু।
২৩ সেপ্টেম্বর এসব ইস্যুতে দুপক্ষের মধ্যে একটি সমঝোতার ঘোষণা দেওয়া হয়। এর পরপরই কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস হাভানায় যান।
সেখানে বিদ্রোহী নেতা টিমোচেনকোর সঙ্গে প্রথমবারের মতো করমর্দন করেন তিনি। এই পর্বের আলোচনার পর সান্তোস ২০১৬ সালের ২৩ মার্চের মধ্যে চূড়ান্ত শান্তিচুক্তির সময়সীমা বেঁধে দেন।
বিদ্রোহীরা জানিয়েছে, বেঁধে দেওয়া সময়ের আগেই শান্তিচুক্তি সই করতে চান তারা।
শান্তিচুক্তির অন্যান্য বিষয় নিয়ে উভয়পক্ষ নিবিড় আলোচনা চালিয়ে যাচ্ছে। চূড়ান্ত শন্তিচুক্তি সই হলে তা অনুমোদনে গণভোট নেওয়া হবে।
