২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে তিনজনকে হত্যার দায়ে একব্যক্তির মৃত্যুদণ্ড

২০১৪ সালে যুক্তরাষ্ট্রের ক্যানসাস অঙ্গরাজ্যের দুটি ইহুদি কেন্দ্রে গুলি করে তিনজনকে হত্যার দায়ে  এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2015, 11:38 PM

Updated : 25 Apr 2022, 02:07 PM

মঙ্গলবার জনসন কাউন্টি ডিস্ট্রিক আদালতের বিচারক কেলি রায়ান ৭৪ বছর বয়সী অপরাধী ফ্রাজিয়ার গ্লেন ক্রসকে মৃত্যুদণ্ড দেন। রায়ে বিচারক বিষাক্ত ইঞ্জেকশন প্রয়োগে ক্রসের মৃতুদণ্ড কার্যকর করার নির্দেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই অপরাধী যুক্তরাষ্ট্রের শ্বেত-শ্রেষ্ঠত্যবাদী গুপ্ত সন্ত্রাসী সংগঠন কু ক্ল্যাক্স ক্লানের সাবেক জ্যেষ্ঠ সদস্য। 

ওই তিন হত্যাকাণ্ডের দায়ে সেপ্টেম্বরের প্রথমদিকে অপর এক বিচারক ক্রসকে দোষী সাব্যস্ত করেন এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়ার সুপারিশ করেন। গুলিবর্ষণে অপর তিন ব্যক্তিকে খুনের চেষ্টার দায়েও অভিযুক্ত হয়েছেন ক্রস।   

ক্যানসাসের ওভার‌ল্যান্ড পার্কের গ্রেটার ক্যানসাস সিটির ইহুদি কমিউনিটি সেন্টারের বাইরে ১৪ বছর বয়সী রিয়াত আন্ডারউড ও তার দাদা উইলিয়াম কর্পোরোনকে (৬৯) এবং ইহুদি পুনর্বাসন কেন্দ্রের বাইরে টেরি লামান্নোকে (৫৩) হত্যার দায়ে ক্রস দোষী প্রমাণিত হন। 

রায় ঘোষণার পর ক্রস আদালতে ‘হের হিটলার’ স্যালুট দিলে তাকে জোর করে আদালত কক্ষ থেকে সরিয়ে নেওয়া হয়।  

কক্ষের বাইরে আসার পর ক্রস বলেন, “একদিন আমার কবর থেকে আমার আত্মা বের হয়ে আসবে, তখন তোমরা জানতে পারবে, আমি যা করেছি তা ঠিক ছিল। আমি একজন সুখী মানুষ।”

মঙ্গলবার রায় ঘোষণার আগে আদালতকে ক্রস বলেছেন, তিনি ইহুদিদের হত্যা করতে চেয়েছিলেন কারণ তিনি বিশ্বাস করেন, ইহুদিরা গণমাধ্যম, আর্থিক প্রতিষ্ঠানগুলো ও সরকারকে নিয়ন্ত্রণ করে।
“ইহুদিরা শ্বেতাঙ্গ জাতিকে ধ্বংস করে দিচ্ছে,” আদালতে বলেছেন তিনি।

ক্রস এসব বললেও তিনি যাদের হত্যা করেছেন তারা কেউই ইহুদি ছিলেন না।