২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেতৃত্বে থাকার অঙ্গীকার সু চির

মিয়ানমারের নির্বাচনে ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) বিপুল জয়ের আভাস স্পষ্ট হতে থাকার মধ্যেই দলের নেত্রী হিসাবে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকার অঙ্গীকার করেছেন অং সান সু চি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2015, 09:31 PM

Updated : 25 Apr 2022, 02:07 PM

তার ক্ষমতা খর্ব করার সামরিক বাহিনীর চেষ্টাও তিনি রুখে দাঁড়াতে প্রস্তুত বলে পরিষ্কার করে জানিয়েছেন।

মঙ্গলবার বিবিসি এবং চ্যানেল নিউজ এশিয়ায় দুটি সাক্ষাৎকারে সু চি বলেন, নির্বাচনে জয়ী দলের নেতা হিসাবে তিনিই সব সিদ্ধান্ত নেবেন। নতুন প্রেসিডেন্টের কোনো কর্তৃত্ব সেখানে থাকবে না।

নির্বাচনের পূর্ণাঙ্গ ফল পেতে আরও কয়েকদিন সময় লাগবে বলে ইলেকশন কমিশন জানালেও বিজয় যে সু চির দলেরই হচ্ছে, তা স্পষ্ট হচ্ছে ক্রমেই। আর তা আঁচ করে ক্ষমতাসীন দল ইউএসডিপি নেতারা ইতোমধ্যে হারও স্বীকার করে নিয়েছেন।

কিন্তু নির্বাচনে এনএলডি জিতলেও মিয়ানমারের সাবেক জান্তা সরকার প্রণীত সংবিধানের আওতায় সু চির প্রেসিডেন্ট হওয়া নিষিদ্ধ।

এর বিরুদ্ধেই কড়া অবস্থান জানিয়ে মঙ্গলবারের সাক্ষাৎকারে নোবেল পুরস্কার জয়ী সু চি বলেন, নেতৃত্বে থাকবেন তিনিই। তা নবনির্বাচিত পার্লামেন্টে প্রেসিডেন্ট যে-ই নির্বাচিত হন না কেন।

এনএলডি জানিয়েছে, ভোটকেন্দ্রগুলোতে টাঙানো ভোটের হিসাবে দলটি দুই-তৃতীয়াংশেরও বেশি আসন পাওয়ার পথে রয়েছে। ১৯৬০ এর দশকের পর মিয়ানমারে প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার গঠনের জন্য এ ভোট যথেষ্ট।