২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও আটকে গেল ওবামার অভিবাসন পরিকল্পনা

যুক্তরাষ্ট্রে ৫০ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেওয়ার প্রেসিডেন্ট বারাক ওবামার পরিকল্পনা আবারও আটকে গেছে আইনি বাধায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2015, 08:51 PM

Updated : 25 Apr 2022, 02:07 PM

সোমবার ফেডারেল একটি আপিল আদালত ওবামার অভিবাসন পরিকল্পনার বিরুদ্ধে রায় দেয়ায় নতুন করে এ অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

গত মে মাসে ওবামা প্রশাসনের অভিবাসন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ আটকে দিয়ে টেক্সাসের একটি আদালতের দেওয়া রায়ই সোমবার বহাল রাখে নিউ অর্লিন্সের ওই আপিল আদালত। আর এতেই ফের আটকে যায় ওবামার উদ্যোগ।

আদালতের এ রায়ের কারণে ওবামার নির্বাহী আদেশে অভিবাসন পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাবনাও আরও স্তিমিত হয়ে পড়ল।

এখন ওবামা প্রশাসনের সামনে একমাত্র বিকল্প সুপ্রিম কোর্টে আপিল করা। কিন্তু ওবামা ২০১৭ সালে বিদায় নেওয়ার আগে মার্কিন প্রশাসন এ আপিল করতে সক্ষম নাও হতে পারে বলে মনে করা হচ্ছে।

রিপাবলিকানরা শুরু থেকেই ওবামার অভিবাসন পরিকল্পনার ঘোর বিরোধিতা করে আসছে। ২৬ টি রাজ্যও এর সঙ্গে সুর মিলিয়েছে।

রিপাবলিকান গভর্নর পরিচালিত রাজ্যগুলো বলে আসছে, সব ধরনের অবৈধ অভিবাসীকে বৈধ করে নেওয়ার উদ্যোগ নিয়ে ফেডারেল সরকার ক্ষমতার সীমা ছাড়িয়ে গেছে।

কিন্তু প্রশাসন বলছে, অভিবাসীদের ব্যাপারে তারা তাদের সিদ্ধান্ত নেওয়ার অধিকারের আওতায়ই উদ্যোগ নিয়েছে।

গতবছর নভেম্বরে ওবামা তার অভিবাসন বিল নিয়ে কংগ্রেসে কোনো আগ্রগতি অর্জনে ব্যর্থ হয়ে প্রেসিডেন্টের নির্বাহী আদেশের আওতায় তার পরিকল্পনাটি বাস্তাবায়নের ঘোষণা দেন।

 কিন্তু এতে করে প্রকারান্তরে আইন ভঙ্গকারীদেরই ক্ষমা করা হচ্ছে বলে এর বিরোধিতা করে রিপাবলিকানরা। আর ২৬ টি রাজ্য ওবামার এ পরিকল্পনার বিরুদ্ধে আদালতে মামলা করে।