২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আকাশে ‘রহস্যময়’ আলোয় আতঙ্কিত ক্যালিফোর্নিয়াবাসী

রাতের আকাশে বড় ধরনের রহস্যময় একটি আলো দেখে আতঙ্কিত হয়ে পড়ে ক্যালিফোর্নিয়াবাসী, তবে কয়েক ঘন্টার মধ্যেই ঘটনা জানার পর আশ্বস্ত হন তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2015, 02:52 PM

Updated : 25 Apr 2022, 02:06 PM

শনিবার রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে বিবিসি।

ওই দিন অরেঞ্জ কাউন্টি ও এর আশপাশের এলাকার আকাশে দ্রুত বেগে ধাবমান একটি বড় ধরনের আলো দেখা যায়, এই আলোর উৎপত্তি নিয়ে অনলাইনে ব্যাপক জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়ে।

আলোর উৎসটিকে ‘নিউক্লিয়ার বোমা’ বা ‘ধেয়ে আসা ধূমকেতু’ ভেবে আতঙ্কিত হয়ে পড়েন অনেকে।

অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, উজ্জল একটি অগ্নিগোলক উপরের দিকে উঠছে, পরে নীল রংয়ের কোনাকৃতি একটি বড় ধরনের নীল ঝলক দেখা যায়। 

পরে অরেঞ্জ কাউন্টির শেরিফ এক ঘোষণায় জানান, ক্যালিফোর্নিয়ার উপকূল থেকে নৌবাহিনীর ছোঁড়া একটি পরীক্ষামূলক উৎক্ষেপণ আলোটির উৎস।

ওই এলাকায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর তৎপরতার বিষয়ে বেসামরিক বিমান পরিবহন কর্মকর্তারাও সতর্ক করেছিলেন।

শুক্রবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বেসামরিক পরিবহন প্রশাসন (এফএএ) লস এঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাতে উঠা-নামা করা বিমানগুলোকে বিমানবন্দরের পশ্চিম দিকের প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে ওড়া এড়িয়ে যাওয়ার জন্য বলেছিল।

এই বিমানবন্দরটি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর।

তবে কেন বিমানগুলোকে প্রশান্ত মহাসাগরের ওই নির্দিষ্ট এলাকাটি এড়িয়ে যেতে বলা হয়েছে তা প্রকাশ করেনি এফএএ, তবে শুক্রবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ওই এলাকায় সামরিক তৎপরতা চলতে পারে বলে ইঙ্গিত দিয়েছিল।

ক্যালিফোর্নিয়ার গণমাধ্যমগুলো জানিয়েছে, ওই আলোটি নৌবাহিনীর সাবমেরিন ইউএসএস কেনটাকি থেকে ছোঁড়া একটি ট্রাইডেন্ট ক্ষেপণাস্ত্রের।   

দ্য সান ডিয়াগো ইউনিয়ন-ট্রিবিউন জানিয়েছে, লোকজন পুলিশকে ফোন করে আগ্নিশিখাটিকে ‘ধুমকেতু’, ‘নিউক্লিয়ার বোমা’ ইত্যাদি অভিহিত করে তাদের আতঙ্ক প্রকাশ করতে থাকে।  

সংবাদপত্রটি জানিয়েছে, ওই আলোটি ক্যালিফোর্নিয়া ছাড়িয়ে পার্শ্ববর্তী অঙ্গরাজ্য নেভাদা ও অ্যারিজোনা থেকেও দেখা গেছে। সিবিএস-এলএর প্রতিবেদনে আলোটি ৬০০ কিলোমিটার উত্তরে সান ফ্রান্সিসকো থেকেও দেখা গেছে বলে জানানো হয়েছে।