২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হারানো শিশু ১৩ বছর পর উদ্ধার

যুক্তরাষ্ট্রের আলবামা থেকে শিশু বয়সে হারিয়ে যাওয়া এক ব্যক্তিকে ওহিও থেকে উদ্ধার করেছে এফবিআই।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2015, 02:59 PM

Updated : 25 Apr 2022, 02:06 PM

বিবিসি জানিয়েছে, পাঁচ বছর বয়সে হারিয়ে যাওয়া জুলিয়ান হার্নানন্দেজের বয়স এখন ১৮ বছর।

ওহিওতে তাকে তার বাবার কাছেই পাওয়া যায়। ‍ওহিওর ক্লিভল্যান্ডে বাবার সঙ্গেই বসবাস করছিলেন জুলিয়ান।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিজ সন্তানকে অপহরণের অভিযোগে জুলিয়ানের বাবা ববি হার্নানন্দেজ (৫৩) কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গিয়ে আবেদনে নিজের সোশ্যাল সিকিউরিটি নাম্বার নিয়ে সমস্যার মুখোমুখি হন তরুণ জুলিয়ান। সমস্যায় পড়ে সাহায্যের জন্য এক স্কুল কাউন্সিলরের কাছে যান তিনি।

কাউন্সিলর বুঝতে পারেন, হারানো শিশু হিসেবে ন্যাশনাল সেন্টারের তালিকায় জুলিয়ানের নাম আছে। তিনি তখন এফবিআইকে খবর দেন।

৩০ অক্টোবর খবরটি পেয়ে আলবামা পুলিশ ও ন্যাশনাল সেন্টারের সহায়তায় জুলিয়ানের পরিচয় নিশ্চিত হয় এফবিআই।

জুলিয়ানকে খুঁজে পাওয়ার পর তার মাকে জানানো হয়। ছেলেকে খুঁজে পেয়ে মা আনন্দিত হলেও কিছুটা সন্দিহান হয়ে পড়েন। কারণ এই ১৩ বছরে অনেকবারই হারানো ছেলেকে খুঁজে পাওয়ার খবর পেয়ে ছুটে গিয়ে হয়রানির শিকার হয়েছিলেন তিনি। 

শিশু বয়সে তিনি হারিয়ে গিয়েছিলেন, এ খবর জু্লিয়ান জেনেছেন কীনা জানা যায়নি। ‍বাবার বাড়িতে এক নারী ও অপর দুটি শিশুর সঙ্গে বসবাস করতেন তিনি।

পূর্ণবয়স্ক হয়ে যাওয়ায় জুলিয়ান এখন কোন পরিবারের সঙ্গে বসবাস করবেন, তা তিনিই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছে পুলিশ।