২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় যোদ্ধারা রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে

সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি ও অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলোর লড়াইবিক্ষুব্ধ শহরে মাস্টার্ড গ্যাস ব্যবহার হচ্ছে বলে সনাক্ত করেছেন রাসায়নিক অস্ত্র বিশেষজ্ঞরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Nov 2015, 06:47 PM

Updated : 25 Apr 2022, 02:06 PM

রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংগঠনের (ওপিসিডব্লিউ) ২৯ অক্টেবরের একটি গোপন প্রতিবেদনে একথা বলা হয়েছে। প্রতিবেদনের সারাংশ রয়টার্স হাতে পেয়েছে।

এতে খুবই নিশ্চিত তথ্য দিয়ে বলা হয়েছে যে, ২১ অগাস্টে আলেপ্পোর মারেয়া শহরে অন্তত দুইজন সালফার মাস্টার্ড গ্যাসে আক্রান্ত হয়েছে। একই গ্যাসে মারা গেছে একটি শিশুও।

সিরিয়া তাদের রাসায়নিক অস্ত্রভান্ডার ধ্বংস করতে রাজি হওয়ার পর থেকে দেশটিতে মাস্টার্ড গ্যাস নামে পরিচিত সালফার মাস্টার্ড ব্যবহারের এটিই প্রথম নিশ্চিত তথ্য।

প্রতিবেদনে ইসলামিক স্টেটের নাম উল্লেখ করা হয়নি। তবে কূটনৈতিক কয়েকটি সূত্র বলেছে, শহরটিতে ওই সময় আইএস এর সঙ্গে অন্যান্য বিদ্রোহী দলগুলোর লড়াই চলার সময় এ রাসায়নিক অস্ত্র ব্যবহার হয়েছে।

এ গ্যাস কোথা থেকে এল সেটিই বড় প্রশ্নের জন্ম দিয়েছে বলে জানিয়েছেন একটি সূত্র। তিনি বলেন, হয় আইএস নিজেরই এ ধরনের অস্ত্র তৈরি করার সক্ষমতা অর্জন করেছে নয়ত সেগুলো আইএস এর দখল করা কোনো অস্ত্রাগার থেকে এসেছে।

সিরিয়া সরকার ১৮ মাস আগে বিষাক্ত সব রাসায়নিক পুরোপুরি সমর্পণ করেছে। এ অস্ত্রগুলোর ব্যবহার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা এবং ১৯৯৭ সালের রাসায়নিক অস্ত্র নীতিমালার লঙ্ঘন।