তুরস্কে আইএসের সন্দেহভাজন ২০ সদস্য আটক
ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ২০ ব্যক্তিকে আটক করেছে তুরস্কের পুলিশ। দেশটির আন্তালিয়া প্রদেশ থেকে তাদের আটক করা হয়।
জি২০’র শীর্ষ সম্মেলনের একসপ্তা আগে এই ধরপাকড় করা হয়। ওই সম্মেলনে বিশ্বের অন্যান্য নেতৃবৃন্দসহ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাও যোগে দেবেন।
তুরস্কজুড়ে থাকা সন্দেহভাজন আইএস সদস্যদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসাবেই তাদের আটক করা হয়েছে।
তুরস্কের প্রতিবেশী রাষ্ট্র সিরিয়া ও ইরাকের বিশাল অংশ দখল করে ইসলামি রাষ্ট্র (খিলাফত) প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে দখলকৃত এলাকায় নির্মম হত্যা ও দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে আইএস।
১৫-১৬ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য জি২০ সম্মেলনকে ঘিরে তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবি: রয়টার্স
চলতি বছরের জুলাইয়ে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান আইএস জঙ্গিদের বিরুদ্ধে আরো অংশগ্রহণমূলক যুদ্ধে ভূমিকা রাখার পাশাপাশি তা অব্যাহত রাখার ঘোষণা দেন।
চরম উগ্রপন্থি এই জঙ্গি গোষ্ঠীটি অক্টোবরে আঙ্কারায় কুর্দিপন্থিদের একটি মিছিলে আত্মঘাতী হামলার সঙ্গে জড়িত বলে মনে করা হয়। ওই হামলায় শতাধিক মানুষ নিহত হন।
চলতি সপ্তায় তুরস্ক জানায়, ইস্তাম্বুলে আত্মঘাতী হামলার প্রস্তুতি নেওয়ার সময় সন্দেহভাজন ৯ আইএস সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
