২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপে ভাইস প্রেসিডেন্টকে অভিশংসন

মালদ্বীপে প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের স্পিডবোটে বিস্ফোরণের ঘটনায় ভূমিকা থাকার অভিযোগে ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিবকে অভিশংসন করেছে পার্লামেন্ট।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Nov 2015, 06:15 PM

Updated : 25 Apr 2022, 02:06 PM

প্রেসিডেন্ট ইয়ামিন দেশটিতে একমাসের জরুরি অবস্থা জারির পরদিন বৃহস্পতিবারই জরুরি আইনের আওতায় ভাইস প্রেসিডেন্ট আদিবকে অভিশংসন করা হল।

২৮ সেপ্টেম্বর হজ থেকে ফিরে প্রেসিডেন্ট ইয়ামিন তার স্ত্রী স্পিডবোটে করে বিমানবন্দর থেকে রাজধানী মালেতে যাওয়ার সময় তাদের নৌকায় বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ইয়ামিনকে হত্যার ষড়যন্ত্রে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয় আদিবকে।

শুরুতে দুর্ঘটনা বললেও পরে এটি প্রেসিডেন্টকে হত্যার ষড়যন্ত্র বলে জানায় মালদ্বীপ কর্তৃপক্ষ। আর ষড়যন্ত্রে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয় আদিবকে।

যদিও যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো এ ঘটনা তদন্তের পর স্পিডবোটে বোমা পেতে রাখার কারণে বিস্ফোরণ হওয়ার 'চূড়ান্ত প্রমাণ' খুঁজে পায়নি।

মালদ্বীপের ৮৫ সদস্যের পার্লামেন্টে ৬১ জন সদস্য আদিবকে অভিশংসন করার পক্ষে ভোট দেওয়ার পর তার বিরুদ্ধে ওই পদক্ষেপ নেওয়া হয়। বিপক্ষে কোনো ভোট পড়েনি। বাদবাকী পার্লামেন্ট সদস্যরা অনুপস্থিত ছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী উমর নাসের বলেন, আদিবকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হতে পারে এবং প্রেসিডেন্ট ইয়ামিন তার স্থলে নতুন কাউকে নিয়োগ দিতে পারেন।

ওদিকে, জরুরি অবস্থা জারির পর রাজধানী মালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেনা সদস্যরা সড়কগুলোতে অবস্থান নিয়েছে।

প্রেসিডেন্ট ভবনের কাছে বোমা এবং আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের গোপন দুইটি ভাণ্ডার আবিষ্কারের পর দেশবাসীর নিরাপত্তা ও সুরক্ষার জন্য এই জরুরি অবস্থা জারি করাহয় বলে মালদ্বীপ সরকারের পক্ষ থেকে জানানো হয়।

জরুরি অবস্থা জারির মাত্র দুই দিন আগে দেশটির প্রধান বিরোধীদল মালদ্বীপিয়ান ডেমক্রাটিক পার্টি (এমডিপি) দেশব্যাপী সরকার বিরোধী সমাবেশের ঘোষণা দিয়েছিল।

যুক্তরাষ্ট্র, কমনওয়েলথভূক্ত দেশ এবং মানবাধিকার সংগঠনগুলো মালদ্বীপ সরকারকে দেশ থেকে জরুরি অবস্থা তুলে নেয়ার আহ্বান জানিয়েছে।

সেইসঙ্গে বিরোধী দলের নেতা-কর্মীদের ধরপাকড় বন্ধেরও আহ্বান জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মণ্ত্রনালয়ের পক্ষ থেকে বুধবার এক বিবৃতিতে মালদ্বীপে জরুরি অবস্থা জারির বিষয়ে 'গভীর উদ্বেগ' প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, "যত দ্রুত সম্ভব জরুরি অবস্থা তুলে নিয়ে নাগরিকদের পূর্ণ সাংবিধানিক স্বাধীনতা পুনঃস্থাপনের জন্য মালদ্বীপ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেযুক্তরাষ্ট্র। সেইসঙ্গে রাজনৈতিক কারণে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদ বন্ধ করারও আহ্বান জানানো হচ্ছে।"  

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে বলা হয়, আইন প্রয়োগ করে বাক স্বাধীনতাকে হরণ বা অন্যের মানবাধিকার লঙ্ঘন করাসরকারের উচিত নয়।