‘রুশ বিমানটি আইএসের বোমায় বিধ্বস্ত হতে পারে’
ইসলামিক স্টেটের (আইএস) পেতে রাখা বোমায় সিনাই উপদ্বীপে রুশ বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে বিভিন্ন সাক্ষ্য থেকে ধারণা পাওয়া যাচ্ছে।
বুধবার যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ও মিশরীয় নিরাপত্তা সূত্রগুলো বিস্ফোরকের কথা বলেছে।
তবে বিমানের ব্ল্যাক বক্স ও ফরেনসিক পরীক্ষার ফলাফল আসার আগে এ বিষয়ে তারা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেননি বলেও জোর দিয়ে জানিয়েছেন।
শনিবার মিশরের শারম আল-শেখ অবকাশ কেন্দ্র থেকে উড্ডয়নের পরপরই রুশ যাত্রীবাহী বিমানটি সিনাইয়ের পার্বত্য এলাকায় বিধ্বস্ত হয়। এতে বিমানটির ২২৪ জন আরোহীর সবাই মারা যান।
বিমানটি রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গ যাচ্ছিল।
ইরাক ও সিরিয়ার বিশাল অংশ দখল করে সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা আইএসের মিশরীয় শাখার সদস্যরা সিনাইয়ে মিশরীয় সেনাবাহিনীর সঙ্গে লড়াই করছে। সিরিয়ায় আইএসের অবস্থানে রুশ হামলার প্রতিশোধ হিসেবে রুশ যাত্রীবাহী বিমানটি ধ্বংস করার দাবি করেছে সিনাই আইএস।
বুধবার একই দাবি আবার জানিয়েছে জঙ্গিগোষ্ঠীটি।
বিস্ফোরক বস্তু ব্যবহার করে বিমানটি ধ্বংস করা হয়ে থাকতে পারে বলে বুধবার প্রথম মন্তব্য করে যুক্তরাজ্য। তবে হামলাকারী হিসেবে সম্ভাব্য কোনো গোষ্ঠীর নাম বলেনি তারা।
সিনাই উপদ্বীপে বিধ্বস্ত রুশ বিমানের ২২৪ আরোহীর সবাই মারা যান। ছবি: রয়টার্স
এই সম্ভাবনার কারণে শারম আল-শেখে ব্রিটিশ যাত্রীবাহী বিমানের চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন তিনি।
ওদিকে নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, যোগাযোগে আঁড়ি পেতে তারা জানতে পেরেছেন, সিনাইয়ের এক আইএস সদস্য বিমানটিতে একটি বিস্ফোরক বস্তু পেতে রেখেছিল।
যুক্তরাষ্ট্রের অন্য এক কর্মকর্তা বলেছেন, “বোমা হওয়ার সম্ভাবনা খুব বেশি।”
তবে তারা বিমানের ব্ল্যাক বক্সের তথ্য ও ফরেনসিক তদন্তের ওপরই জোর দিয়েছেন। এসব থেকেই প্রকৃত কারণ জানা যাবে বলে মনে করছেন তারা।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি গণমাধ্যমের প্রতিবেদনে সামরিক স্যাটেলাইটে বিমান বিধ্বস্ত হওয়ার সময় সিনাইয়ের আকাশে একটি ‘হিট ফ্ল্যাশ’ ধরা পড়েছে বলে বলা হয়েছে।
ফ্ল্যাশ বা ঝলকটি বোমার, বিমানের জ্বালানি ট্যাঙ্ক বা ইঞ্জিনের বিস্ফোরণের কারণে হতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
বিমানের ব্ল্যাক বক্স তদন্তের সঙ্গে জড়িত দলটির ঘনিষ্ঠ এক মিশরীয় সূত্র বলেছে, “বিস্ফোরকের কারণেই (বিমানটি বিধ্বস্ত) হয়েছে বলে বলে ধারণা করা হচ্ছে। তবে কী ধরনের বিস্ফোরক তা পরিষ্কার নয়।”
বিস্ফোরকটি কোনো বোমা ছিল কিনা তা নির্ধারণ করতে ঘটনাস্থলের বালু পরীক্ষা করা হচ্ছে।
“বিস্ফোরকের চিহ্ন খুঁজে পেতে সেখানে একটি ফরেনসিক তদন্ত চালানো হচ্ছে। এটি বিমান বিধ্বস্তের কারণ সম্পর্কে সিদ্ধান্ত নিতে সহায়তা করতে পারে”, বলে ওই সূত্র জানিয়েছে।
এক রুশ কর্মকর্তা বলেছেন, “এখন দুটি বিবেচনা যাচাই করে দেখা হচ্ছে। কোনোকিছু নিখুঁতভাবে বিমানটির ভিতরে পেতে রাখা হয়েছিল অথবা কারিগরি ত্রুটি। কিন্তু একটি বিমান মধ্যাকাশে হঠাৎ করে ভেঙে পড়তে পারে না। বল প্রয়োগের কোনো একটা ঘটনা থাকতে হবে। কোনো সাক্ষ্য না পাওয়ায় রকেটের (হামলার) কথা বিবেচনায় নেওয়া হচ্ছে না।”
মিশরের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, দুটি ব্ল্যাক বক্সের দ্বিতীয়টি, যেটিতে ককপিটের তথ্যের রেকর্ড থাকে, আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই এটি থেকে তথ্য বের করতে সময় লাগছে।
