আগুনে ভারতের সাবেক এমপির পুত্রবধূসহ ৩ নাতির মৃত্যু
ভারতীয় কংগ্রেস পার্টির সাবেক এমপি সিরিসিল্লা রাজাইয়ার বাড়িতে আগুন লেগে তার পুত্রবধূ ও তিন নাতি পুড়ে মারা গেছেন।
বুধবার ভোরে অন্ধ্র প্রদেশের ওয়ারেঙ্গেল শহরে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
অগ্নিকাণ্ডের এই ঘটনাটি দুর্ঘটনা নাও হতে পারে বলে সন্দেহ করছে নিহত পুত্রবধূ সারিকার পরিবার।
বাড়িটির দোতালায় নিজের শোবার ঘরেই তিন পুত্র, অভিনভ (৭), অয়ন (৩) ও শ্রিয়ানসহ (৩) জীবন্ত দগ্ধ হয়ে মারা যান সারিকা।
দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনের সূত্রপাত নিয়ে রহস্য দেখা দিয়েছে। সবদিক বিবেচনায় রেখে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা তদন্ত শুরু করেছেন।
রাজাইয়ার পুত্রবধু সারিকা। ছবি: এনডিটিভি
অন্ধ্রের নাজিমাবাদ জেলা থেকে সারিকার পরিবার জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনাটি দুর্ঘটনা নাও হতে পারে বলে সন্দেহ করছেন তারা। সারিকার আত্মহত্যার সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন তারা।
এদিকে এনডিটিভি জানিয়েছে, আইবিএম-এর সাবেক চাকুরে সারিকা গেল বছর তাকে হয়রানির অভিযোগে মামলা করেছিলেন। এমন কি রাজাইয়ার বাড়ির সামনে সন্তানদের নিয়ে প্রতিবাদও জানিয়েছিলেন।
২০০২ সালে রাজাইয়ার ছেলে অনিলের সঙ্গে সারিকার বিয়ে হয়।
২১ নভেম্বর পার্লামেন্টের ওয়ারেঙ্গেল আসনে পুনর্নির্বাচন হওয়ার কথা। গেল সপ্তায় এই আসনে নিজেদের প্রার্থী হিসেবে রাজাইয়ার নাম ঘোষণা করেছে কংগ্রেস।
এর আগে এই আসন থেকেই ২০০৯ সালে কংগ্রেসের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি, তবে গেল বছর পরাজিত হন।
