২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুশ বিমান মধ্যাকাশে বিধ্বস্ত হওয়ার প্রমাণ নেই: মিশর

সিনাই উপদ্বীপে বিধ্বস্ত রুশ বিমানটি মাঝ আকাশে বিধ্বস্ত হওয়ার যে দাবি রাশিয়ার কর্মকর্তারা করেছেন তার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে মিশরের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Nov 2015, 11:27 PM

Updated : 25 Apr 2022, 02:05 PM

শনিবার রাশিয়ার মেট্রোজেট এয়ারবাস এ-৩২১ বিমান মিশরের সিনাইয়ে  বিধ্বস্ত হয়ে ২২৪ আরোহীর সবার মৃত্যু হয়।

পরদিন ঘটনাস্থল পরিদর্শন করে রাশিয়ার আন্তঃরাষ্ট্র বিমান পরিবহন কমিটির পরিচালক ভিক্টর সোরোচেঙ্কো বিমানটি মধ্যাকাশেই বিধ্বস্ত হয় বলে মন্তব্য করেন।

তার বরাত দিয়ে রয়টার্স বলেছিল, “বিমানটি মাঝ আকাশে ধ্বংস হওয়াতেই এর ধ্বংসাবশেষগুলো ২০ বর্গকিলোমিটারের মতো বিশাল এলাকায় ছড়িয়ে পড়েছে।"

তবে এত তাড়াতাড়ি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হওয়ার সময় এখনও আসেনি বলেও তখন মন্তব্য করেছিলেন তিনি।

মিশরের তদন্ত দলের মুখপাত্র মোহাম্মদ রাহমি রয়টার্সকে বলেন, "বিমানটি আকাশেই ভেঙে পড়ার কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি। এ বিষয়ে সিদ্ধান্তে আসতে দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তদন্তকাজ নিয়ে অগ্রসর হওয়ার এ সময়টিতেই আমরা এর ফলাফল নিয়ে কথা বলতে পারি না।" 

তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে পাইলটের সাহায্য চেয়ে কোনো ফোন করার রেকর্ড পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন তিনি।

সাহায্য চেয়ে ফোন না করা এবং বিস্তৃত এলাকা জুড়ে বিমানটির ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়া দেখে অনেক বিশেষজ্ঞ মনে করছেন, বিমানটি হঠাৎ করেই ভেঙে পড়েছিল।

মঙ্গলবার সকালে যৌথ তদন্ত দল ঘটনাস্থল থেকে ফিরে এসেছে বলে জানান রাহমি।

"এ থেকে ধরে নেয়া যায় ঘটনাস্থলে তদন্ত কাজ শেষ হয়েছে। খুব সম্ভবত তদন্ত দল দিনশেষে বিমানের ব্ল্যাকবক্স দু’টি নিয়ে কাজ শুরু করবে।"

তদন্ত দলের ঘনিষ্ঠ একটি সূত্র রয়টার্সকে জানান, ব্ল্যাকবক্স দুইটি খুব ভাল অবস্থায় রয়েছে এবং সেখান থেকে প্রকৃত ঘটনার 'ক্লু' পাওয়া যাবে।

বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপর মিশরীয় কর্তৃপক্ষ বলেছিল, এর সঙ্গে জঙ্গি হামলার কোনো সংশ্লিষ্টতা তারা খুঁজে পায়নি। কারিগরি ত্রুটির কারণেই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে তারা অনুমান করেছিলেন।

যদিও কয়েক ঘণ্টা পর ওই দিনই ইসলামিক স্টেট (আইএস) এ ঘটনার দায় স্বীকার করে বিবৃতি দেয় এবং বলে, সিরিয়ায় রাশিয়ার বিমান হামলার প্রতিশোধ নিতেই তারা এ কাণ্ড করেছে।

আর মেট্রোজেট কর্তৃপক্ষের দাবি, তাদের বিমানে কোনো কারিগরি ত্রুটি ছিল না এবং তাদের ক্রুরাও কোনা ভুল করেনি।