আসাদের ক্ষমতায় থাকা জরুরি নয়: রাশিয়া
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ক্ষমতায় থাকাটা জরুরি নয় বলে জানিয়েছে রাশিয়া।
এর মধ্য দিয়ে রাশিয়া আসাদের প্রতি তাদের দীর্ঘদিনের সমর্থন থেকে সরে আসারই আভাস দিল বলে জানিয়েছে বিবিসি।
সিরিয়ার প্রেসিডেন্ট আসাদকে বহাল তবিয়তে রাখাই রাশিয়ার নীতিগত বিষয় কি না তা জিজ্ঞেস করা হলে রুশ পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, “একেবারেই না। আমরা কখনওই তা বলিনি। আমরা বলছি না যে আসাদের ক্ষমতায় থাকা কিংবা চলে যাওয়া উচিত।”
রাশিয়া এর আগে আসাদ সরকারের পতনের বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছিল। কিন্তু জাখারোভা এখো মস্কভি বেতার কেন্দ্র কে বলেন, আসাদের ক্ষমতায় থাকা বা না থাকার বিষয়টি রাশিয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। তার ভাগ্য নির্ধারণ করবে সিরিয়ার জনগণ।
উল্লেখ্য, রাশিয়াকে আসাদের শক্তিশারী সমর্থক হিসাবেই দেখা হয় এবং দেশটি এর আগে আসাদকে ক্ষমতা থেকে সরানোর পশ্চিমা মতের ঘোর বিরোধিতা করেছে।
গত সেপ্টেম্বর মাস থেকে রাশিয়া সিরিয়ার অনুরোধে দেশটিতে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে বিমান হামলা চালাতে শুরু করেছে।
