২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ লন্ডনে যৌন হয়রানির নবম ঘটনা

দক্ষিণ লন্ডনে ধারাবাহিক যৌন হয়রানির তদন্তরত পুলিশ জানিয়েছে, আরেক নারীর ওপর হামলা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2015, 02:49 PM

Updated : 25 Apr 2022, 02:05 PM

পুলিশের বরাতে বিবিসি জানায়, শনিবার ‍স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে দক্ষিণ ল্যামবেথের এডিথনা সড়কে পেছন থেকে এক নারীকে লাঞ্ছিত করা হয়।

গত এক মাসেরও কম সময়ের মধ্যে দক্ষিণ লন্ডনে এটি নবম নারী লাঞ্ছনার ঘটনা।

নবম এই যৌন হয়রানির ঘটনায় সন্দেহভাজনের যে বর্ণনা পাওয়া গেছে তা আগের আটটি ঘটনায় পাওয়া বর্ণনার সঙ্গে মিলেছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাগুলোর তদন্তে এ পর্যন্ত দুই ব্যক্তিকে আটক করা হয়েছে এবং দক্ষিণ লন্ডনে টহল বৃদ্ধি করেছে পুলিশ।

আগের ঘটনাগুলোর মতো এবারও যৌন হয়রানির মুখে পড়েছেন ২০ থেকে ৩০ বছর বয়সী এক শ্বেতাকায় নারী। বর্ণনানুযায়ী কালো চুলের অধিকারী সন্দেহভাজন দেখতে ভূমধ্যসাগরীয় অথবা মধ্যপ্রাচ্যের লোকদের মতো। 

পুলিশ জানিয়েছে, শেষ ঘটনায় লোকটি ‘নারীটির পেছনের অংশে বেশ কয়েকবার হাত দিয়েছে।”

লন্ডন মহানগর পুলিশের প্রধান পরিদর্শক টনি হির্স্ট ক্লাপহ্যাম ও ব্রিক্সটন হিল এলাকার সব নারীদের ‘সতর্কতা গ্রহণের’ আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, “আপনি যদি কোনো ব্যক্তি সম্পর্কে বা কোনো পরিস্থিতিতে অস্বস্থি বোধ করেন, আপনার সহজাত উপলব্ধিকে বিশ্বাস করুন। বিপদের আঁচ পেলেই পুলিশকে ফোন করুন।”

এ ধরনের যৌন হয়রানির প্রথম ঘটনাটি ঘটেছিল ৯ অক্টোবর, দক্ষিণ লন্ডনের ক্লাপহ্যামের ক্লেদেরো সড়কে।