চীনের ভবন বিধ্বস্ত হয়ে ১৭ জনের মৃত্যু
চীনের হেনান প্রদেশে দুই তলা একটি ভবন বিধ্বস্ত হয়ে ১৭ জন নির্মাণকর্মী নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যার এ ঘটনায় আরো ২৩ নির্মাণকর্মী আহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে শনিবার জানিয়েছে বিবিসি।
ভবনটির ভিত্তিতে সংস্কার কাজ চলার সময় দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
রাতেই ভবনটির ধ্বংসস্তূপ থেকে ৪০ জনকে খুঁজে বের করেন উদ্ধারকর্মীরা। এদের মধ্যে ১৭ জন মৃত ও ২৩ জন আহত ছিলেন।
হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে নয়জনের অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ঘটনার প্রকৃত কারণ জানতে একটি তদন্ত শুরুর কথাও জানিয়েছেন তারা।
এর আগে মে মাসে একই প্রদেশের একটি নার্সিং হোমে আগুন লেগে ৩৮ জন নিহত হয়েছিলেন।
