আসাদকে ছয়মাস রাখার প্রস্তাবে রাজি ইরান
সিরিয়ায় ছয়মাসের রাজনৈতিক উত্তরণ প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে এ সময়ের জন্য প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতায় রাখার প্রস্তাবে আপোস করার ইঙ্গিত দিয়েছে ইরান।
তারা বলছে, এ সময়ের পর নির্বাচনের মধ্য দিয়ে আসাদের ভাগ্য নির্ধারিত হবে।
ভিয়েনার সিরিয়া শান্তি আলোচনায় আসাদকে কিছু সময়ের জন্য ক্ষমতায় রাখার পক্ষপাতিদের দৃষ্টিকোণ থেকে ইরানের এ সমর্থনকে এক ধরনের ছাড় এবং আসাদকে ক্ষমতায় রাখার দাবি থেকে দেশটির সরে আসারই ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।
কিন্তু আসাদ বিরোধীরা এ বিষয়টিকে তাকে ক্ষমতায় রাখার একটি কৌশল হিসাবেই দেখছে।
যুক্তরাষ্ট্র আসাদের বিদায় চাইলেও তাকে কিছু সময়ের জন্য রাখতে রাজি। ওদিকে, সৌদি আরব এবং আসাদ বিরোধী জোট এসএনসি কোনোরকম রাজনৈতিক পরিবর্তন প্রক্রিয়া বা নির্বাচন শুরুর আগেই আসাদের পদত্যাগের পক্ষে।
তুরস্ক আসাদের বিদায়ের পক্ষে হলেও প্রতীকীভাবে তাকে ছয়মাসের জন্য ক্ষমতায় রাখতে রাজি। ওদিকে, রাশিয়া জোর করে আসাদকে না সরিয়ে বরং নির্বাচনের মাধ্যমে আসাদের ভাগ্য নির্ধারণ চায়। একই কথা বলছে ইরানও।
কিন্তু প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ রেখে সিরিয়ায় শান্তি আনার যে পরিকল্পনাই করা হোক সেটি 'পাগলামি' ছাড়া আর কিছু না বলে মন্তব্য করেছে দেশটির বিরোধী পক্ষ।
বিরোধীদের দাবি, আসাদ সব সমস্যার মূল এবং তিনি থাকতে দেশজুড়ে নির্বাচন আয়োজন অসম্ভব।
ইরান, যুক্তরাষ্ট্র ও রাশিয়াসহ প্রায় এক ডজন দেশ সিরিয়ায় চার বছরের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধ অবসানের পথ খুঁজতে শুক্রবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বৈঠকে বসেছে। তবে আসাদ বা বিরোধীদের কোনো প্রতিনিধি ওই বৈঠকে অংশ নিচ্ছেন না।
পশ্চিমা সমর্থিত সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশনের (এসএনসি) সদস্য জর্জ সাবরা রয়টার্সকে বলেন, "সিরিয়ার বর্তমান পরিস্থিতিতে নির্বাচন সম্ভব এটা কে বিশ্বাস করবে।"
"সিরিয়ার লাখ লাখ মানুষ এখন দেশের বাইরে অবস্থান করছে। তাদের কেউ কেউ বিভিন্ন দেশে শরণার্থী শিবিরে রয়েছে। সিরিয়ার মধ্যেও লাখ লাখ মানুষ জীবন বাঁচাতে ও নিরাপত্তার জন্য নিজেদের বাড়ি ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।"
ত্রয়োদশ বিভাগের বিদ্রোহী কমান্ডার আহমেদ আল-সউদ বলেন, "এই নৈরাজ্যের মধ্যে সেখানে সত্যিকারের নির্বাচন হবে না। এ কারণে আমরা ওই নির্বাচন পুরোপুরি বর্জন করব।
ওদিকে, শুক্রবার সিরিয়া শান্তি আলোচনায় অংশ নেয়া তেহরানের প্রতিনিধিদলের সদস্য ইরানি উপ-পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান বলেন, “ইরান আসাদকে ক্ষমতায় রাখার ওপর জোর দিচ্ছে না।”
অন্তর্বর্তীকালীন সময়ের পর ইরান আসাদকে সমর্থন দেয়া বন্ধ করা পর্যন্তও যেতে পারে বলে ইঙ্গিত দেন মধ্যপ্রাচ্যের ইরান সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
রয়টার্সকে তিনি বলেন, “আপোস করা নিয়েই মূলত আলোচনা চলছে এবং ইরান আসাদকে ছয়মাসের জন্য রাখার বিষয়টি মেনে নিয়ে আপোস করতে প্রস্তুত। আর দেশের ভবিষ্যৎ অবশ্যই সিরিয়ার জনগণই নির্ধারণ করবে।”
