শাখারভ পুরস্কার পেলেন সৌদি ব্লগার বাদাউয়ি
ইউরোপীয়ান পার্লামেন্টের শাখারভ মানবাধিকার পুরস্কার পেয়েছেন সৌদি আরবের কারাদণ্ডপ্রাপ্ত ব্লগার রাইফ বাদাউয়ি।
পার্লামেন্টের প্রেসিডেন্ট মার্টিন শুলজ সৌদি আরবের বাদশাহ সালমানের কাছে বাদাউয়িকে 'মুক্তি দেয়ার' অনুরোধ করেছেন যাতে তিনি 'পুরস্কার গ্রহণ করতে পারে'।
'ইসলাম অবমাননা’র অভিযোগে ২০১২ সালে ফ্রি সৌদি লিবারেলস ওয়েবসাইটের লেখক বাদাউয়িকে প্রকাশ্যে এক হাজার বেত্রাঘাত (দোররা) ও ১০ বছরের কারাদণ্ডের শাস্তি দেওয়া হয়। তাকে এক লাখ ৭৫ হাজার পাউন্ড জরিমানাও করা হয়।
এ বছর জানুয়ারিতে বাদাউয়িকে প্রথম দফায় ৫০ বার বেত্রাঘাত করা হয়। এ ঘটনায় সারা বিশ্বে নিন্দার ঝড় উঠে। পরে তার শাস্তি স্থগিত করা হয়।
কিন্তু জুনে সৌদি আরবের সুপ্রিম কোর্ট রাইফের শাস্তি বহাল রেখে রায় দেয়।
বাক স্বাধীনতার রক্ষক হিসেবে এ মাসের শুরুতে পেন প্রিন্টার পুরস্কারও জিতেন বাদাউয়ি।
গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার লড়াইয়ে সুনির্দিষ্ট অবদানের জন্য ১৯৮৮ সাল থেকে ইউরোপীয়ান পার্লামেন্ট ব্যক্তি বা সংগঠনকে ‘শাখারভ প্রাইজ ফর ফ্রিডম অব থট’ পুরস্কার দিয়ে আসছে।
সাবেক সোভিয়েত ইউনিয়নের মুক্তমনা বিজ্ঞানী আন্দ্রেই শাখারভের নামে এই পুরস্কারের নামকরণ করা হয়েছে।
বাদাউয়ি ছাড়াও এবছর এ পুরস্কারের জন্য রাশিয়ার বিরোধী দলের নেতা বরিস নেমোৎসভ এবং ভেনেজুয়েলার বিরোধী সংগঠন 'মেসা দে লা ইউনিদাদ ডেমক্রেটিক' মনোনয়ন পেয়েছিল।
ইউরোপীয়ান পার্লামেন্টের লিবারাল ব্লকের নেতা গাই ভেহফসটাড বলেন, "ইউরোপীয়ান পার্লামেন্ট আজ সৌদি কর্তৃপক্ষকে শক্ত রাজনৈতিক ও মানবিক বার্তা পাঠিয়েছে।"
"আমরা সৌদি আরবের মহামান্য বাদশাহ সালমানের কাছে রাইফ বাদাউয়িকে কারাগার থেকে ছেড়ে দেয়ার অনুরোধ করেছি।”
