২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় বিশেষ বাহিনী পাঠানোর চিন্তা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র তাদের স্পেশাল অপারেশন ফোর্সের ছোট একটি দলকে সিরিয়ায় পাঠানোর কথা ভাবছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 28 Oct 2015, 09:24 PM

Updated : 25 Apr 2022, 02:03 PM

ইরাকে অ্যাপাচি হেলিকপ্টার পাঠানো নিয়েও চিন্তা-ভাবনা চলছে বলে জানান তারা। যদিও প্রেসিডেন্ট বারাক ওবামা মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতে  সেনা পাঠাতে প্রচণ্ড অনিচ্ছুক।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে এখনও চাপের মুখে আছে ওবামা প্রশাসন। বিশেষ করে মে মাসে ইসলামিক স্টেটের (আইএস) কাছে ইরাকের শহর রামাদির নিয়ন্ত্রণ হারানোর পর তাদেরকে কঠোর সমালোচনার মুখে পড়তে হয়েছে।

সিরিয়ার আসাদ বিরোধী বিদ্রোহীদের প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহের যে প্রকল্প যুক্তরাষ্ট্র শুরু করেছিল তাও ব্যর্থ হয়েছে।

চলমান আলোচনার বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের দুইজন কর্মকর্তা মঙ্গলবার রয়টার্সকে বলেন, যে কোনো সিদ্ধান্তই সীমিত আকারে প্রয়োগ করা হবে। যুক্তরাষ্ট্র ইরাক ও সিরিয়া উভয় দেশে সুনির্দিষ্ট ও সীমিত আকারে সামরিক কার্যক্রম বাড়াতে চাইছে।

"ওই কার্যক্রমের মধ্যে রয়েছে, প্রথমবারের মতো অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রের স্পেশাল অপারেশনস ফোর্সের ছোট একটি দলকে সিরিয়ায় পাঠানো, যাতে তারা সেখানকার মধ্যপন্থি বিদ্রোহী যোদ্ধাদের পরামর্শ দিতে পারে। যুক্তরাষ্ট্রের বিমান হামলায়ও তারা সাহায্য করবে।" 

এছাড়া, অল্প সংখ্যক আক্রণাত্মক অ্যাপাচি হেলিকপ্টার এবং সেগুলো পরিচালনার জন্য বিমান বাহিনীর অল্প কয়েকজন সদস্যকে ইরাকে পাঠানোরও চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র। আইএস নির্মূলে ইরাকের সেনাবাহিনীর সক্ষমতা বাড়াতে আরও বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হতে পারে। 

যদিও এসব প্রস্তাব এখনও কাগজপত্রেই সীমাবদ্ধ আছে বলে জানান একজন কর্মকর্তা। অর্থাৎ, যদি আগামী কয়েক দিনের মধ্যে এই প্রস্তাবগুলো অনুমোদন পায় তারপরও বাস্তবায়নের জন্য কয়েক সপ্তাহ বা কয়েক মাস লেগে যাবে।

পেন্টাগন এবং হোয়াইট হাউজের পক্ষ থেকে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়েছে।

তবে মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম বাড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন।

মাত্র কয়েকদিন আগে ইরাকে আইএস'র হাতে জিম্মিদের উদ্ধার অভিযানে যুক্তরাষ্ট্রের সেনারা অংশ নিয়েছে। অভিযানে তাদের একজন সেনা প্রাণও হারিয়েছে।