ইয়েমেন মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে: ইরান
সৌদি আরব নেতৃত্বাধীন জোট আরব বিশ্ব থেকে ইয়েমেনে মানবিক সাহায্য সরবরাহের পথ রুদ্ধ করে দেওয়ার চেষ্টা নেয়ায় যুদ্ধ বিক্ষুব্ধ দেশটির জনগণ চরম মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্ত এসে দাঁড়িয়েছে বলে দাবি করেছে ইরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে সিনহুয়া বার্তা সংস্থা জানায়, "সৌদি আরব ইয়েমেনকে মানবিক বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। যে অল্প কিছু জায়গা থেকে ইয়েমেনের জনগণের জন্য মানবিক ত্রাণ ও ওষুধ পাঠানো হত সৌদি আরব সেগুলোও বন্ধ করে দেয়ার চেষ্টা করছে।"
"হামলাকারীরা পুরো দেশকে ধ্বংস করে দিতে চাইছে। এছাড়া, ইয়েমেনের শহরগুলোতে প্রতিদিন তাদের অবিরাম বোমাবর্ষণ চরম অমানবিক পরিস্থিতি সৃষ্টি করছে।"
ইয়েমেনের সাদা প্রদেশে ফ্রান্স ভিত্তিক দাতব্য চিকিৎসা সংস্থা মিতসঁ সঁ ফঁতিয়ার (এমএসএফ) একটি হাসপাতালে সৌদি জোটের বিমান হামলার নিন্দাও করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা।
এ হামলার বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 'নিশ্চুপ' থাকারও সমালোচনা করেন তিনি।
সোমবার রাতে ইয়েমেনের সাদা এলাকায় এমএসএফ পরিচালিত হাসপাতালে বিমান হামলা চালানো হয়। সাদা ইয়েমেনের হুতি বিদ্রোহীদের শক্ত ঘাঁটি।
সৌদি জোট ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদিকে সমর্থন করছে।
ইয়েমেন সরকারের অভিযোগ, ইরান শিয়াপন্থি হুতি বিদ্রোহীদের অস্ত্র ও অর্থ যোগান দিচ্ছে। যদিও ইরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।
সৌদি আরব নেতৃত্বাধীন জোটের নয়টি দেশ মার্চ মাস থেকে হাদির সমর্থনে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের উপর বিমান হামলা চালাচ্ছে। সম্প্রতি তারা সম্মুখ যুদ্ধেও অংশ নেয়া শুরু করেছে।
ইয়েমেন যুদ্ধে এ পর্যন্ত পাঁচ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। গৃহহীন হয়েছে ১৫ লাখের বেশি মানুষ।
