সম্মান না দেখালে বন্ধুত্ব টিকবে না: ব্রিটেনকে সৌদি দূত
যুক্তরাজ্যে সৌদি আরবের মানবাধিকার পরিস্থিতি নিয়ে চলমান সমালোচনায় দৃশ্যত ক্ষুব্ধ সৌদি রাষ্ট্রদূত বলেছেন, তার দেশকে ‘সম্মান না দেখালে’ দুই দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে।
ব্রিটিশ সরকার সৌদি আরবের সঙ্গে ৫৯ লাখ পাউন্ডের ‘প্রিজন কনসালটেন্সি’ চুক্তি বাতিলের পর লন্ডনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্স মোহাম্মদ বিন নাওয়াফ বিন আব্দুলআজিজের এই প্রতিক্রিয়া এল।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ১৭ বছর বয়সে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেয়ার অপরাধে সম্প্রতি আলি আল-নিমর নামের একজনকে সৌদি আরব মৃত্যুদণ্ড দেওয়ায় এবং এক ব্রিটিশ বৃদ্ধকে দোররা মারার সাজার বিষয়টি চুক্তি বাতিলের সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে বলে ধারণা করা হয়।
একচ্ছত্র রাজতন্ত্রের দেশ সৌদি আরবে রাজনৈতিক ও ধর্মীয় মত প্রকাশের স্বাধীনতা এবং নারী অধিকারের ক্ষেত্রে কড়াকড়ি নিয়েও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও পশ্চিমা সরকারগুলোর সমালোচনা রয়েছে।
সোমবার যুক্তরাজ্যের ডেইলি টেলিগ্রাফে প্রকাশিত এক নিবন্ধে রাষ্ট্রদূত নাওয়াফ লিখেছেন, “গত কয়েক সপ্তাহে ব্রিটেনে সৌদি আরব নিয়ে যেসব আলোচনা হচ্ছে তা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে।
“দীর্ঘদিন ধরে কৌশলগত অংশীদারিত্ব থেকে যে সুবিধা যুক্তরাজ্য ও সৌদি আরব ভোগ করে আসছে, তার ওপর কোনো ধরনের বিরূপ প্রভাব যারা দেখতে চান না, এই আলোচনা দেখে তাদের শঙ্কিত হওয়া স্বাভাবিক।”
প্রিন্স নাওয়াফ লিখেছেন, তার দেশ সামরিক দিক দিয়ে মধ্যপ্রাচ্যে ব্রিটেনের ‘অন্যতম মিত্র’। জঙ্গি গোষ্ঠীগুলোর কর্মকাণ্ডের গোয়েন্দা তথ্য পাওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ উৎসব সৌদি আরব।
দুই দেশের বিভিন্ন বাণিজ্য চুক্তির ওপর ভর করে ৫০ হাজার ব্রিটিশ পরিবার যে ‘খেয়ে-পড়ে বেঁচে আছে’, তাও মনে করিয়ে দিয়েছেন সৌদি রাজ পরিবারের এই সদস্য।
সৌদি আরবের ‘মানবাধিকার রেকর্ড’ নিয়ে যুক্তরাজ্যের বিরোধীদলীয় নেতা ও লেবার পার্টির প্রধান জেরেমি করবিনের বক্তব্যের সমালোচনা করে প্রিন্স নাওয়াফ বলেছেন, ওই বক্তব্যে দুই দেশের ‘পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক’ লঙ্ঘিত হয়েছে।
গত সেপ্টেম্বরে দলের বার্ষিক সম্মেলনে নিমরের মামলার বিষয়ে রিয়াদের সমালোচনা করেন করবিন।
নিমরের মুক্তির জন্য সৌদি আরবকে চাপ দেওয়ার পাশাপাশি প্রিজন কনসালটেন্সি চুক্তি বাতিলের জন্য তখনই প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের প্রতি আহ্বান জানিয়েছিলেন তিনি।
এরপর গত ১৩ অক্টোবর ওই চুক্তি বাতিলের ঘোষণা দেয় যুক্তরাজ্য। একইদিনে ক্যামেরনের মুখপাত্র জানান, সৌদি আরবে মদসহ ধরা পড়া ৭৪ বছর বয়সী কার্ল আন্দ্রের মামলাতেও হস্তক্ষেপ করবে ব্রিটিশ সরকার।
ওই মামলাতেই আন্দ্রেকে ৩৫০ ঘা দোররা মারার আদেশ দেয় সৌদি কর্তৃপক্ষ।
নিমর ও আন্দ্রের বিষয়গুলো সৌদি আরবের ‘অভ্যন্তরীণ বিষয়’ বলে মন্তব্য করেছেন প্রিন্স নাওয়াফ।
তিনি লিখেছেন, “নির্দিষ্ট কিছু রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে আমাদের দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে যদি খাটো করে দেখা হয়, তাহলে ব্যবসা ঝুঁকির মুখে পড়বে।
“আমরা এই সম্পর্ক ধরে রাখতে চাই, কিন্তু কারও বক্তৃতা শুনতে চাই না,” সাফ জানিয়ে দেন সৌদি প্রিন্স।
