২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীন নির্মিত দ্বীপের জলসীমায় মার্কিন জাহাজ

বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে চীনের তৈরি করা একটি কৃত্রিম দ্বীপের কাছে যুক্তরাষ্ট্র নৌবাহিনী নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্রবাহী একটি জাহাজ পাঠিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 27 Oct 2015, 03:09 PM

Updated : 25 Apr 2022, 02:03 PM

মঙ্গলবার মার্কিন এই জাহাজটি কৃত্রিম দ্বীপটির ১২ নটিক্যাল মাইলের মধ্য দিয়ে টহল দেয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তা। 

দক্ষিণ চীন সাগরের ওই এলাকাটির উপর চীনের একচ্ছত্র মালিকানার দাবিকে চ্যালেঞ্জ জানানোর জন্য সেখানে মার্কিন জাহাজ পাঠানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

নাম প্রকাশ না করার শর্তে ওই প্রতিরক্ষা কর্মকর্তা জানান, দক্ষিণ চীন সাগরের স্প্যার্টলি দ্বীপমালার সুবি ও মিসচিফ শৈলশ্রেণীর কাছ দিয়ে ইউএসএস লাসেন জাহাজটি টহল দিয়েছে।

সুবি ও মিসচিফ শৈলশ্রেণী পূর্ণ জোয়ারের সময় ডুবে যেত। কিন্তু ২০১৪ সালে চীন বালু ফেলে এই শৈলশ্রেণী দুটিকে দ্বীপে পরিণত করেছে।

যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা বলেন, “অভিযান শুরু হয়েছে, অল্প কয়েক ঘণ্টার মধ্যেই এটি সম্পূর্ণ হবে।”   

যুক্তরাষ্ট্রের আরেক প্রতিরক্ষা কর্মকর্তা জানানা, চীনের মালিকানা দাবিকে চ্যালেঞ্জ জানানোর ধারাবাহিকতায় অভিযানটি শুরু করা হয়েছে।

দক্ষিণ চীন সাগরের এই এলাকাটি বিশ্বের সবচেয়ে ব্যস্ত সমুদ্র-বাণিজ্যপথগুলোর মধ্যে অন্যতম।

জাহাজটির সঙ্গে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর পি-৮এ নজরদারি বিমান ও পি-৩ নজরদারি বিমানও থাকতে পারে বলে এর আগে জানিয়েছেন দ্বিতীয় প্রতিরক্ষা কর্মকর্তা। এই দুটি মার্কিন নজরদারি বিমান ওই এলাকায় নিয়মিত নজরদারি অভিযান চালিয়ে আসছে বলেও জানিয়েছেন তিনি।

কৃত্রিম এই দ্বীপদুটির চারদিকের ১২ নটিক্যাল মাইল এলাকাকে চীন তার জলসীমা বলে দাবি করছে। ওই সীমার ভিতরে মার্কিন যুদ্ধজাহাজের টহল চীনা দাবির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুতর চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

গেল মাসে বেইজিং ঘোষণা করেছিল, কোনো দেশ যদি দাবিকৃত জলসীমা বা আকাশসীমার লঙ্ঘণ করে তবে তা ‘কখনোই মেনে নেবে না’ চীন।

তাই যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে চীনের পক্ষ থেকে ক্ষিপ্ত প্রতিক্রিয়া দেখানো হবে বলে ধারণা করা হচ্ছে।

চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি জানান, যুক্তরাষ্ট্রের জাহাজটি ১২-মাইল জোনের ভিতর প্রবেশ করেছে কিনা তা যাচাই করে দেখছে বেইজিং।

তিনি বলেন, “যদি সত্য হয়, আমরা যুক্তরাষ্ট্রকে আবার কিছু করার আগে ফের ভেবে দেখতে এবং অন্ধের মতো কাজ না করতে বা অযথা সমস্যা তৈরি না করতে পরামর্শ দেব।” 

ওয়াশিংটনের চীনা দূতবাস এক বিবৃতিতে বলেছে, পেশী প্রদর্শনীর অজুহাতে হিসেবে জাহাজ চলাচলের স্বাধীনতাকে ব্যবহার করা উচিত নয়। 

এরপরও ওই এলাকায় যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের টহল অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দ্বিতীয় ওই কর্মকর্তা।