যুক্তরাষ্ট্রে গাড়ির ধাক্কায় নিহত ৪
সন্দেহভাজন এক মাতাল চালকের গাড়ির ধাক্কায় যুক্তরাষ্ট্রের ওকালাহোমা রাজ্য বিশ্ববিদ্যালয়ের একটি কুচকাওয়াজ দেখায় মগ্ন চার দর্শক নিহত হয়েছেন।
শনিবারের এ ঘটনায় আরো ৪০ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুচকাওয়াজের শেষ দিকে স্টিলওয়াটার শহরের প্রধান সড়ক ও হল অব ফেইমের সংযোগস্থলে ঘটনাটি ঘটে, হুন্দাই ইলেন্ট্রা গাড়িটির ধাক্কায় কয়েকজনের দেহ বেশ কয়েক মিটার উপরে ছিটকে যায়।
স্টিলওয়াটারের মেয়র জিনা নোবল ও স্থানীয় পুলিশ জানিয়েছে, গাড়িটি ব্যারিকেড গুড়িয়ে মানুষবিহীন পুলিশের একটি মোটরসাইকেলকে আঘাত করে ঘুরে দর্শকদের আঘাত করে।
প্রত্যক্ষদর্শী কোন্ডা ওয়াকার বলেন, “প্রথমে আমরা ভেবেছিলাম এটা কুচকাওয়াজেরই অংশ, পরে গাড়ির ধাক্কায় লোকজন নয় মিটারের মতো উপরে ছিটকে গেলে আমাদের ভুল ভাঙে।”
এক বিবৃতিতে স্টিলওয়াটার মেডিকেল সেন্টার জানিয়েছে, দুই থেকে ৬৫ বছর বয়সী আহত প্রায় ৪০ জনকে তাদের কর্মীরা চিকিৎসা দিয়েছেন।
স্টিলওয়াটার পুলিশের ক্যাপ্টেন কাইল গিবস জানান, গাড়িটির ২৫ বছর বয়সী চালক অ্যাডাসিয়া এভেরি চেম্বার্সকে আটক করা হয়েছে, অ্যালকোহলের প্রভাবে সে গাড়িটি চালাচ্ছিল বলে সন্দেহ করা হচ্ছে।
এক বিবৃতিতে মেয়র নোবল জানিয়েছেন, অ্যাডিসিয়া স্টিলওয়াটার শহরের বাসিন্দা।
