২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুল বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষা চালু

আফগানিস্তানের কোনো বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো জেন্ডার এবং উইমেন্স স্টাডিস বা নারী শিক্ষায় স্নাতকোত্তর পর্বের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2015, 10:06 PM

Updated : 25 Apr 2022, 02:02 PM

দক্ষিণ কোরিয়ার অর্থায়নে এবং সরকার ও জাতিসংঘের উন্নয়ন প্রকল্পের আওতায় কাবুল বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ডিগ্রির এ কোর্স চালু হয়েছে। এ বছর ২৮ জন শিক্ষার্থী স্নাতকোত্তর পর্বে ভর্তি হয়েছে, যাদের মধ্যে  ১৮ জন নারী ও ১০ জন পুরুষ।

কাবুল বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিভাগের ডীন গুলাম ফারুক আব্দুল্লাহ বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে এই কোর্সের শিক্ষা কার্যক্রম শুরুর অনুমতি দেয়ার আবেদন করার দুই মাস পর অনুমতি পাওয়া গেছে।

২০০১ সালে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট সেনারা আফগানিস্তানের ক্ষমতা থেকে তালেবানদের সরিয়ে দেয়ার পর দেশটিতে ধীরে ধীরে নারীদের সুযোগ-সুবিধা বাড়ছে। যদিও এখনও সেখানে নারীরা রাজনীতিতে ভালভাবে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত।

একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা এবং ওই কোর্সের শিক্ষার্থী জিলা রাফাত বলেন, "আফগানিস্তানে নারীদের অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। কিন্তু তা যথেষ্ট নয়।"

"রাজধানীর তুলনায় প্রত্যন্ত অঞ্চলের অবস্থা অনেক বেশি খারাপ। প্রত্যন্ত অঞ্চলের অনেক জায়গায় এখনও যুদ্ধ চলছে।"

দেশটির অনেক নাগরিকই নতুন শিক্ষা কোর্সকে সহজভাবে নেননি। কাবুলের ২১ বছর বয়সী এক শিক্ষার্থী বলেন, "কিছু মানুষ একে গুরুত্বের সঙ্গে নেয়নি। তাদের ধারণা, এতে বিদেশিদের স্বার্থ লুকিয়ে আছে।"

তালেবান শাসনামলে আফগান নারীরা বাইরে বের হওয়া এমনকি স্কুল বা কাজে যাওয়ার অনুমতি পেত না।

যদিও গত ১৪ বছরে অনেক মেয়ে শিশু আবারও স্কুলে যাওয়া শুরু করেছে। কিন্তু তাদের উচ্চ শিক্ষার সুযোগ এখনও অনেক কম।

উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ পেলে নারীদের মধ্যে সচেতনতা বাড়বে এবং নারীরা ধীরে ধীরে বাইরে বিভিন্ন কর্মক্ষেত্রে নিজেদের যোগ্যতা প্রমাণের প্রতিযোগিতায় নামবে।