ভারতে গরুর মাংস খাওয়ার গুজবে হত্যাকাণ্ড ‘পূর্বপরিকল্পিত’
ভারতের উত্তর প্রদেশে বাসার ফ্রিজে গরুর মাংস রাখা ও খাওয়ার গুজব ছড়িয়ে এক মুসলিম ব্যক্তিকে হত্যার ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল বলে তদন্ত কমিশনের অনুসন্ধানে প্রকাশ পেয়েছে।
ঘটনাটি তাৎক্ষণিক ছিল না বলে তদন্ত কমিশনের বরাত দিয়ে বৃহস্পতিবার জানিয়েছে বিবিসি।
ভারতের রাজধানী দিল্লির অদূরে বিদিশা গ্রামের এ ঘটনায় মোহাম্মদ আখলাককে পিটিয়ে মারা হয়। সম্প্রতি ভারতের সংখ্যালঘু বিষয়ক জাতীয় কমিশন ঘটনাস্থল পরিদর্শন করেছে।
একটি হিন্দু মন্দির থেকে হামলাটির পরিকল্পনা করা হয় বলে জানিয়েছে কমিশন।
এর আগে ক্ষমতাসীন বিজেপি সরকারের এক মন্ত্রী এ ঘটনাকে তাৎক্ষণিক রাগের বশে ঘটে যাওয়া বলে দাবি করেছিলেন।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারতে গরুর মাংস খাওয়া ও পাচারের অভিযোগে তুলে তিন মুসলিমকে হত্যা করা হয়।
আখলাকের হত্যাকাণ্ডে ধর্মীয় সহিষ্ণুতার প্রশ্নে ভারতজুড়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়। ঘটনা ঘটার পরপরই এর নিন্দা না জানানোয় সমালোচনার মুখে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনার দুই সপ্তাহ পর মোদী ঘটনাটিকে ‘দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত’ বলে মন্তব্য করেন।
ঘটনায় প্রকাশ, রাতে নিজের ছেলেকে পাশে নিয়ে ঘুমিয়ে ছিলেন কৃষক আখলাক। এ সময় উত্তেজিত একদল জনতা লাঠি, তালোয়ার ও পিস্তল নিয়ে তার বাড়িয়ে হামলা চালায়।
আখলাকের পরিবারকে গরু জবাই করে এর মাংস খাওয়ার জন্য অভিযুক্ত করে গ্রামবাসী। আখলাক ও তার ছেলেকে ইট দিয়ে আঘাত, লাথি মারা ও উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়।
আখলাকের মৃত্যুতে পরিবার-পরিজনের শোক। ছবি: রয়টার্স
প্রতিবেদনে বলা হয়েছে, “হামলার সময় গ্রামের অধিকাংশ মানুষ ঘুমিয়ে ছিলেন বলে দাবি করা হয়েছে। অথচ তখন কয়েক মিনিটের মধ্যে এত লোক জড়ো হওয়ার বিষয়টি পূর্বপরিকল্পনার ইঙ্গিত দেয়।”
সংখ্যালঘু বিষয়ক জাতীয় কমিশনের পাশাপাশি ঘটনাটির বিষয়ে পুলিশি তদন্তও চলছে।
