২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএস বিরোধী অভিযান থেকে সরে যাচ্ছে কানাডা

ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইসলামিক স্টেট (আইএস) বিরোধী বিমান অভিযান থেকে কানাডার জঙ্গি বিমান প্রত্যাহার করা হবে বলে নিশ্চিত করেছেন দেশটির হবু প্রধানমন্ত্রী জাস্টিন ত্রুদো। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2015, 02:38 PM

Updated : 25 Apr 2022, 02:01 PM

বুধবার বিবিসি জানিয়েছে, কানাডার নির্বাচনে ত্রুদোর নেতৃত্বাধীন লিবারেল পার্টি জয় পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ত্রুদো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে নিজের এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন।

অভিযানে অংশ নেয়া কানাডার সিএফ-১৮ জঙ্গি বিমানগুলোর ২০১৬ সালের মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যে অবস্থান করার কথা ছিল।

কিন্তু নির্বাচনী প্রচারণাকালে সেগুলো ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন ত্রুদো। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করেছেন তিনি।

তবে কবে নাগাদ সবগুলো বিমান প্রত্যাহার করা হবে তার সময়সীমা এখনো জানাননি তিনি।

সোমবার অনুষ্ঠিত কানাডার জাতীয় নির্বাচনে জয় পেয়ে কনজারভেটিভদের প্রায় একদশক ব্যাপী শাসনের অবসান ঘটায় ত্রুদোর নেতৃত্বাধীন লিবারেল পার্টি।

নির্বাচনে জয়ের ফলে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী স্টিফেন হার্পারকে সরিয়ে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সাবেক স্কুল শিক্ষক ত্রুদো।

তিনি আধুনিক কানাডার জনক হিসাবে সম্মানিত দেশটির সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে ত্রুদোর বড় ছেলে।