২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্লোভেনিয়ায় শরণার্থীর ঢল

হাঙ্গেরি সীমান্ত বন্ধ করে দেওয়ার পর ক্রোয়েশিয়া থেকে স্লোভেনিয়ায় ঢুকছে হাজার হাজার শরণার্থী। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2015, 08:43 PM

Updated : 25 Apr 2022, 02:00 PM

এ পর্যন্ত প্রায় ৪,০০০ শরণার্থী স্লোভেনিয়ায় পৌঁছেছে বলে জানিয়েছে জাতিসংঘ শরণার্থী  সংস্থা। বেশিরভাগই সিরিয়া, ইরাক ও আফগানিস্তানের শরণার্থী এবং তারা জার্মানি, অস্ট্রিয়া ও অন্যান্য দেশে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেছে। 

স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী মিরো সিরার জানান, এ বিপুল সংখ্যক শরণার্থীর স্রোত সামলাতে পুলিশকে সহায়তা করার জন্য সেনা সদস্যদেরকেও প্রস্তুত রাখা হয়েছে।

তিনি বলেন, অস্ট্রিয়া এবং জার্মানি তাদের সীমান্ত উন্মুক্ত রাখা পর্যন্ত স্লোভেনিয়া শরণার্থীদেরকে দেশে প্রবেশ করতে দেবে। 

এর আগে হাঙ্গেরি জানায়, শুক্রবার মধ্যরাতে তারা ক্রোয়েশিয়ার সঙ্গে সীমান্ত বন্ধ করেছে। কেননা, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা শরণার্থীর ঢল ঠেকানোর কোনো চূড়ান্ত পরিকল্পনা নিতে ব্যর্থ হয়েছেন।

গত মাসেও হাঙ্গেরি সার্বিয়ার সঙ্গে তাদের সীমান্ত বন্ধ করে দেয়। সেটি ছিল শরণার্থীদের পশ্চিম ইউরোপে প্রবেশের আরেকটি ট্রানজিট রুট।

বিবিসি জানায়, শনিবার শত শত শরণার্থী বাসে করে ক্রোয়েশিয়া থেকে স্লোভেনিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। এদের বেশিরভাগই ক্রোয়েশিয়া সীমান্তে পৌঁছনোর চেষ্টায় সপ্তাহের পর সপ্তাহ হেঁটে পাড়ি দিয়েছিলেন গ্রিস, মেসিডোনিয়া ও সার্বিয়া।